ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিয়ার জন্মদিনে বিএনপির ১ দিনের কর্মসূচি

জিয়ার জন্মদিনে বিএনপির ১ দিনের কর্মসূচি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৫:৪১

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি একদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ওইদিন সকালে কেন্দ্রীয় ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং বিকেল তিনটায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করে বলেন, ঢাকাসহ সারাদেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটসমূহ একই কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করবে। এছাড়া একইদিন জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর দলের সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক মেয়রের পরস্পর বিরোধী দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতির দমন কমিশন নিশ্চুপ কেনো প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, ‌‘সরকারের মেগা মেগা দুর্নীতির মহাসাগর থেকে ছিটেফোটা চিত্র দুই-একজনের মুখ দিয়ে বেরিয়ে আসছে। সাঈদ খোকন বলছেন, মেয়র তাপস (ফজলে নূর তাপস) শত শত কোটি টাকা লুট করেছেন। অপরদিকে মেয়র তাপস বলছেন, শত শত কোটি টাকা লুট করেছেন সাঈদ খোকন। দুই জননই রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে একে অপরেরে দুর্নীতি, লুটপাটের ফিরিস্তি দিচ্ছেন। তবে এটি স্পষ্ট দু'জনই লুটেরা, দু'জনই দুর্নীতিবাজ।’

দুর্নীতি দমন কমিশনের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, ‘এখন দুদক সাঈদ খোকন ও মেয়র তাপসের তামাশা দেখবে না তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে? আসলে দুদক হচ্ছে ধোপাখানা। আওয়ামী লীগের অনাচার, দুর্নীতি, লুটপাট একেবারে সুন্দর করে মুছে দেয়। আর বিরোধী দলের মিথ্যা জিনিসকে সে সুন্দরভাবে সাজায়। আসলে সরকার যেভাবে নির্বাচন কমিশন গঠন করেছেন তেমনি দুদক গঠন করেছেন, তেমনি বিচার বিভাগে লোক নিয়োগ দিয়েছেন যারা এক পা-ও সরকারের বাইরে যাবে না। উদ্দেশ্য হচ্ছে একটাই- গণতন্ত্রকে বিনাশ করো, বিএনপিকে বিনাশ করো। সেই দুদক পালন করেছে নিষ্ঠার সঙ্গে এতোদিন ধরে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা যেসব অভিযোগ উত্থাপন করছেন এসব কথার উদ্দেশ্যে যাই হোক, অনেক সত্য বেরিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাহিদা রফিক, আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×