ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মানবিক কারণে হলেও খালেদা জিয়ার জামিন হবে: মওদুদ

মানবিক কারণে হলেও খালেদা জিয়ার জামিন হবে: মওদুদ
×

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যারিস্টার মওদুদ আহমদ- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৬:২৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৬:৩২

মানবিক কারণে হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হবে বলে মনে করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠানে তিনি এ অভিমত দেন। সম্মেলনে মাওলানা আনোয়ার হোসেইনকে সভাপতি ও হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'অন্য সব কারণ বাদই দিলাম। যে মামলায় কোনো সাক্ষী নাই, তার কোনো তথ্য নাই, তার কোনো স্বাক্ষর নেই, তার কোনো ভূমিকা নেই সেখানে শুধু মানবিক কারণে তার জামিন চেয়েছি। আদালতের উচিত হবে তার মুক্তি দেওয়া। আশা করছি, আদালত তাকে জামিন দেবেন আগামী সপ্তাহে। যদি না দেন তাহলে বুঝতে হবে রাজনৈতিক কারণেই তার মুক্তি হচ্ছে না, মানবিক কারণেও তার মুক্তি হচ্ছে না।'

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন চাওয়া সম্পর্কিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই বোর্ডে যেসব চিকিৎসক আছেন তারা দেশের সবচেয়ে উপযুক্ত চিকিৎসক। ওই রিপোর্টে খালেদা জিয়ার পঙ্গু হওয়ার বিষয়টি লেখা আছে।

ব্যারিস্টার মওদুদ বলেন, বর্তমান সরকারের অবস্থা নাজুক। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে সরকার রাষ্ট্র পরিচালনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হতে চলেছে। এর একটি মাত্র কারণ- এরা অনির্বাচিত সরকার।

বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×