খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৯:১৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির মিরপুর রোডে ধানমণ্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ খালিদ হাসান জ্যাকির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ধানমণ্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা ও নিউ মডেল কলেজ শাখা ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
মিছিলে ধানমণ্ডি থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেতু ও আব্দুর রহমান রানা, আরিফুল ইসলাম রাসেল; হাজারীবাগ থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. মামুন, মো. সেলিম; নিউমার্কেট থানা ছাত্রদলের কেএম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
