মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া, সম্পাদক সাথী
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৭:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:১৩
সুরাইয়া আক্তারকে সভাপতি ও কাজী রহিমা আক্তার সাথীকে সাধারণ সম্পাদক করে মহিলা শ্রমিক লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শামসুন নাহার ভূঁইয়া এমপি কার্যকরী সভাপতি হয়েছেন।
শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে নতুন এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি রওশন জাহান সাথী উদ্বোধনী ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন। এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাউন্সিল অধিবেশনে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন বলে জানিয়েছেন দলটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি আরও জানান, সারাদেশের কাউন্সিলর ও প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী নতুন এই কমিটি হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটির নেতারা ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
নতুন কমিটির সভাপতি সুরাইয়া আক্তার আগের কমিটির কার্যকরী সভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কার্যকরী সভাপতি শামসুন নাহার ভূঁইয়া এমপি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
এক দশক পর আওয়ামী লীগ সমর্থক এই সংগঠনটির সম্মেলন ও নতুন কমিটি গঠিত হলো।
মহিলা শ্রমিক লীগের প্রথম ও সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয়েছিল ২০০৯ সালে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০০৪ সালের ৩১ মার্চ মহিলা শ্রমিকদের সংগঠিত
করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- বিষয় :
- মহিলা শ্রমিক লীগ
