দলের মধ্যে আগাছা পরিষ্কার করা হবে: হাছান মাহমুদ
সমাবেশে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- সমকাল
কক্সবাজার অফিস
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৮:৩২ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ | ০৮:৩৮
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলের মধ্যে অন্য দলের কিছু সুযোগ সন্ধানী লোক ঢুকেছে। দলের এসব আগাছা পরিষ্কার করা হবে।
শনিবার কক্সবাজারের রামু উপজেলায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর পরিবার এবং রামু উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের পারলৌকিক শান্তি কামনায় মিলাদ মাহফিল ও মেজবান উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফর করে দেশের স্বার্থ রক্ষা হয় এমন কিছু চুক্তি করেছেন। এই চুক্তিগুলোর ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। দেশের মানুষ তা বুঝতে পারলেও বিএনপির শিক্ষিত নেতারা তা বুঝতে পারছেন না। তারা অপপ্রচার করছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী চুক্তি করে এসেছেন।
স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কপবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়।
এর আগে সকালে কক্সবাজারে স্থানীয় সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে আমাদের দলে অনেক অনুপ্রবেশ ঘটেছে। সুবিধাভোগী এসব লোক বাদ দিতে হবে। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে
জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বক্তব্য দেন।
- বিষয় :
- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
- রামু
