ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাতীয় সরকার গঠন না হলে দেশ বিপর্যয়ে পড়বে: আ স ম রব

জাতীয় সরকার গঠন না হলে দেশ বিপর্যয়ে পড়বে: আ স ম রব
×

আ স ম আবদুর রব - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৯:৪৪

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতীয় সরকার গঠন না হলে দেশ বিপর্যয়ে পড়বে। দেশে হত্যা, গুম, খুন, ধর্ষণ, লুটপাট অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। ক্যাসিনো অভিযানের নামে গডফাদারদের আড়াল করে চুনোপুঁটিদের ধরার মাধ্যমে জনগণের আইওয়াশ করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডি ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে  আ স ম রব এ কথা বলেন।

ভারতের সঙ্গে ফেনী নদীর পানি চুক্তিসহ অন্যান্য চুক্তির সমালোচনা করে আ স ম আবদুর রব বলেন, বিনা প্রাপ্তিতে ভারতের কাছে জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে। দেশপ্রেম থেকে এর প্রতিবাদ করায় সরকারি ছাত্র সংগঠন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। জনগণ সরকারের ওপর চরমভাবে ক্ষুব্ধ। তাই সরকারের পদত্যাগ এবং জাতীয় সরকার গঠন অপরিহার্য হয়ে পড়েছে। অন্যথায় দেশকে মহা সংকটে পড়তে হবে।

জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, সরকারের পদত্যাগের পর জাতীয় ঐক্য রক্ষা ও সহিংস সংঘাত থেকে দেশকে রক্ষা এবং শাসনতান্ত্রিক সংকট মোকাবেলায় জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নেই। সরকার যত দ্রুত এই সংকট উপলব্ধি করতে পারবে, ততই দেশের মঙ্গল।

জেএসডির সহসভাপতি ও মহানগরের সমন্বয়ক তানিয়া রবের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুন স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, কাউছার নিয়াজী, অ্যাডভোকেট বিকাল চন্দ্র সাহা, আবুল মোবারক, হাজী আক্তার হোসেন ভূইয়া, নুরুল আবছার, মোশাররফ হোসেন (মহানগর), তৌফিক উজ জামান পীরাচা। 

সভা পরিচালনা করেন আবদুল্লাহ আল তারেক।

আরও পড়ুন

×