ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে লালবাগ কেল্লায় ধ্রুপদি সন্ধ্যা

ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে লালবাগ কেল্লায় ধ্রুপদি সন্ধ্যা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০০:৪৭ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ০০:৫০

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা প্রাঙ্গণে হয় এ অনুষ্ঠান।

উদ্বোধনী পর্বে প্রচারিত হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ ভিডিও বার্তা। আর এর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানটির। এ সময় মঞ্চে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত  উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে প্রথমেই প্রদর্শিত হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র। এতে দর্শকদের স্মৃতিপটে ভেসে ওঠে এই মহান শিল্পীর সাধনাময় জীবন। এরপর রাগ ভীমপলশ্রীতে খেয়াল পরিবেশন করেন পণ্ডিত অসিত দে, যার সংগীতের পরতে পরতে অনুরণিত হয় গুরুস্মৃতির আবেশ। এরপর বাংলাদেশের উদীয়মান শিল্পীদের এক মনোমুগ্ধকর পরিবেশনার মধ্যে ছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খানো সরোদ পরিবেশনা। রাত পৌনে ৯টায় পরিবেশিত হয় রাগ কিরওয়ানি। 
পরিবেশনায় ছিলেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সংগীত পরিচালনায় ছিলেন মৈত্রী সরকার। এই অংশে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন– অভিজিৎ কুণ্ডু (ধ্রুপদ কণ্ঠ), প্রশান্ত ভৌমিক ও ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান (সরোদ) এবং সোহিনী মজুমদার ও মোহাম্মদ কাওছার (সেতার)। সন্ধ্যার আরেক বিশেষ আকর্ষণ ছিল আফসানা খান (সেতার) ও রুখসানা খানের (সরোদ) যুগলবন্দি এক অপূর্ব সংগীত সংলাপ। এতে তারা তুলে ধরেন আলাউদ্দিন খাঁর গুরুকুলের সুরসাধনার ধারা।

আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তোলে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে কথোপকথন’ পর্ব। এতে অংশ নেন বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন। এর পর ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খানকে বিশেষ  সম্মাননায় ভূষিত করা হয়। সমাপ্তি পর্বে সরোদে শাস্ত্রীয় সংগীতের এক অনুপম পরিবেশনায় দর্শককে বিমুগ্ধ করেন সিরাজ আলী খান। তবলায় তাঁর সহশিল্পী ছিলেন কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জী।

সার্বিক আয়োজনে ছিল আন্তর্জাতিক মাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান, ইতালি, চীন, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, বতসোয়ানা এবং ইউনেস্কোসহ বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আফজাল হোসেন ও মারিয়া ফারিহ্ উপমা।

আরও পড়ুন

×