ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর

চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর
×

প্রয়াত লেখক মণিশংকর মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

প্রতিনিধি, কলকাতা

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:০৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:১০

নিজের ছদ্মনামেই তিনি বেশি পরিচিত ছিলেন। ‘শংকর’ নামে রচনা করেছেন চৌরঙ্গীসহ একাধিক জনপ্রিয় উপন্যাস। সেই মণিশংকর মুখোপাধ্যায় ৯২ বছর বয়সে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ব্রেন টিউমারসহ বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েকদিন ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তাঁর প্রয়াণে বাংলার সংস্কৃতি জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

১৯৩৩ সালে অধুনা বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন মণিশংকর। লেখনির মাধ্যমে গত কয়েক দশক ধরে বাঙালি পাঠককে আবিষ্ট করে রেখেছিল। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি ‘চৌরঙ্গী’ আজও বাংলা সাহিত্যের জগতে অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত। অনন্য সৃষ্টির মধ্যে আছে ‘জন-অরণ্য’, ‘সীমাবদ্ধ’ ও ‘কত অজানারে’। 

সাহিত্যজগতে অসামান্য অবদানের জন্য মণিশংকর অনেক সম্মাননা পেয়েছেন। ২০২১ সালে ‘একা একা একাশি’ বইয়ের জন্য মর্যাদাপূর্ণ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাহিত্যের সঙ্গেই যুক্ত ছিলেন। তাঁর বহু উপন্যাস বড় পর্দায় নিয়ে এসেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ও তরুণ মজুমদার। 

১৯৫৫ সালে প্রথম বই ‘কত অজানা রে’ তাঁকে অল্প বয়সেই বিপুল পরিচিতি এনে দেয়। পরে সত্যজিৎ রায় ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। চৌরঙ্গী থেকেও তৈরি হয় জনপ্রিয় সিনেমা। যেখানে মুখ্য চরিত্রে স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেন উত্তম কুমার। এ প্রসঙ্গে মণিশংকর নিজেই বলেছিলেন, ‘সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।’

শুক্রবার দুপুরে শংকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে সাহিত্যপ্রেমীদের মধ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল।’

আরও পড়ুন

×