শখের বাগানে আনুন ভিন্নতা
রোজী আরেফিন
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ০৮:৫২
বর্ষাকাল মানেই শখের বাগানিদের গাছ লাগানোর ধুম। তবে মৌসুমি বাগানি হোক কিংবা স্থায়ী সবাই কমবেশি নিজেদের বাগানে কেবল প্রচলিত কিছু গাছ যেমন– গোলাপ, জবা, রজনীগন্ধা, আম, পেঁপে, পেয়ারা এগুলোই লাগিয়ে থাকেন। এ প্রচলিত গাছগুলো ছাড়াও কিছুটা ভিন্নভাবে কীভাবে শুধু বর্ষাকাল উপলক্ষে নিজের বাগানকে দিতে পারেন ভিন্ন এক সাজ, তা জেনে নিন।
কলমিলতা
অবাক হলেন– ভাবছেন কলমিলতা দিয়ে আবার কেউ বাগান করে! অবাক লাগলেও এটা সত্যি, বর্ষাকালে কলমিলতা বাগানে নিয়ে আসে এক অন্যরকম ভাব। এ ফুল খুব সহজেই জন্মায়। এর ফুলগুলোও চমৎকার, নীল আর সাদা রঙের মিলেমিশে দারুণ আকর্ষণীয়। কলমিলতা শাক হিসেবে যেমন খাওয়া যায়, তেমনি এর ফুলও বাগানের শোভাবর্ধনকারী।
শাপলা
বাগানের এক কর্নারে ছোট্ট ডোবার মতো করে সেখানে শাপলার গাছ লাগিয়ে দিন। শুধু একবার শাপলার বীজ বা বাল্ব লাগাবেন, ব্যস আপনার ডোবা সব সিজনেই শাপলা গাছে ভরা থাকবে। শাপলা লাগাবেন কারণ, এর ফুল যেমন অসাধারণ, তেমনি শাপলার ডাঁটা সবজি হিসেবেও খেতে পারবেন।
পুঁইশাক
বর্ষাকাল মানেই পুঁইশাক! পানি পেলে পুঁইশাকের লতা দ্রুত বৃদ্ধি পায়। যেহেতু পুঁইশাকের পাতা এবং ডাঁটা দুটোই খাওয়া যায়, কাজেই এ শাক লাগিয়ে নিজের নিত্যদিনের শাকের চাহিদা সহজেই পূরণ করতে পারেন।
শজিনা
শজিনা বা শজনে, তরকারিতে যেমন সুস্বাদু, তেমনি এর এত বেশি ভেষজ গুণ রয়েছে, যা লিখে শেষ করা যাবে না। শজনে গাছ খুব সহজেই ঘরের পাশের জায়গায় লাগানো যায়। বর্ষাকালে এ গাছ খুব দ্রুত বাড়ে।
কাঞ্চন ফুল
কাঞ্চন ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন– সাদা, গোলাপি ও লাল। কাঞ্চন ফুল বর্ষাকালে প্রচুর পরিমাণে ফোটে। তেমন কোনো যত্নআত্তি ছাড়াই এ ফুল দেদার আপনার বাগানের শোভা বাড়িয়ে দেয়।
রঙ্গন
বাহারি এক ফুলের নাম হলো রঙ্গন। গ্রীষ্ম এবং বর্ষা দুই ঋতুতেই এর ফুল পাওয়া যায়। যদিও এটির তেমন ঘ্রাণ নেই, তবে থোকায় থোকায় ফুটে থাকা এ ফুল দেখতে বেশ আকর্ষণীয়। রঙ্গন ফুলের বেশ ক’টি জাত পাওয়া যায়। তাছাড়া চাইলে এ গাছ বড় মাটির টবেও লাগানো যায়।
গন্ধরাজ
গন্ধরাজ আরেকটি বর্ষাকালীন ফুল। বিশেষ করে বৃষ্টির ভেজা ভেজা গন্ধে যখন কেমন লাগে, গন্ধরাজ ফুলের ম ম গন্ধে ঘরবাড়ি একেবারে মাতোয়ারা হয়ে যায়।
কদম
বর্ষা মানেই কদম, কদম মানেই বর্ষা। বাগানের এক কোণে বেশ বড় ধরনের এক ফাঁকা জায়গায় একটা কদমগাছ লাগিয়ে রাখুন, কয়েক সিজন পরেই আপনার পুরো বাড়িটারই চেহারা বদলে যাবে।
অলকানন্দা
হলুদ রঙের অলকানন্দা মানেই ‘সিক্ত বাগানে মৃদু সুবাস ছড়িয়ে, অলকানন্দা জানিয়ে দিল বর্ষার আগমন।’
সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই ফুল পাওয়া যায়। বাগানে একটা ফুলে ফুলে ভরা অলকানন্দা গাছ আছে মানেই আপনি একজন অভিজাত বাগানি।
ঢাকার উত্তরখানের মল্লিক নার্সারির পরিচালক মোহাম্মদ আবুল মিয়া বর্ষায় শখের বাগানের যত্নে কিছু টিপস দিয়েছেন। যেমন–
lগাছ যদি টবে লাগান, টবের মাটি যেন সব সময় ভেজা না থাকে তা নিশ্চিত করুন। জলাবদ্ধতা রোধে টবের নিচে গর্ত রাখুন।
lগাছের গোড়ায় মালচিং করে মাটির আর্দ্রতা ধরে রাখুন।
lগাছের ডালপালা ছেঁটে দিন, আশপাশের আগাছা ঠিকঠাক পরিষ্কার করুন।
lছাতা বা প্লাস্টিকের ছাউনির সাহায্যে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করুন।
lবাগানে পর্যাপ্ত আলো পৌঁছানোর ব্যবস্থা রাখুন।
lপাত্রের গাছগুলো মাঝেমধ্যে অন্য জায়গায় সরিয়ে আলো ও বাতাসের পরিবর্তন নিশ্চিত করুন।
lপ্রাকৃতিক কীটনাশক ব্যবহার করে গাছকে কীটপতঙ্গ থেকে রক্ষা করুন।
- বিষয় :
- ভিন্নমত
