ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শখের গাছের যত্ন

শখের গাছের যত্ন
×

শৈলী ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৬:৫৬

| প্রিন্ট সংস্করণ

শীতে সবারই কমবেশি স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এ সময় সুস্থ থাকতে যেমন মানুষের যত্নের প্রয়োজন, তেমনি গাছের দরকার বাড়তি যত্ন। কারণ শীতে আবহাওয়া শুষ্ক ও ঠান্ডা থাকে। এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ধীর হয়ে যায়; গাছ হয়ে পড়ে দুর্বল। যারা ছাদের কিংবা ছোট্ট ব্যালকনির বাগানে রঙিন ফুলের সমারোহ দেখতে চান তাদের বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। তাহলে শীতকালজুড়ে আপনার শখের ফুল গাছ সতেজ ও সুন্দর থাকবে। 

পানি দিন নিয়ম মেনে 
শীতে গাছের মাটি বেশি সময় আর্দ্র থাকে। ফুল গাছে বেশি পানি দেওয়া ঠিক নয়। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তারপর পানি দিন। সকালবেলা হালকা পানি দিতে পারলে ভালো হয়। কেননা, এতে শিকড় সুস্থ থাকে।

রোদের ব্যবস্থা
শীতের মিষ্টি রোদ গাছের জন্য খুবই উপকারী। প্রতিদিন অন্তত ৪-৬ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পড়ে–এমন জায়গায় টব বা গাছ রাখুন। শীতের নরম রোদ গাছগুলো সতেজ রাখে। গাছে দ্রুত ফুলও ফোটে।

সার ব্যবহারে প্রয়োজন সতর্কতা
এই সময় ভারী রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকুন। সবচেয়ে ভালো হয় গাছে পচা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারলে। ১৫-২০ দিন পরপর অল্প করে সার দিন।

ঠান্ডা বাতাস থেকে সুরক্ষার ব্যবস্থা
শীতের রাতে তাপমাত্রা অনেক কমে যেতে পারে। এতে ফুল গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ে। বেশি শীত পড়লে রাতে টবগুলো দেয়ালের পাশে বা একটু ঢাকা জায়গায় রাখলে গাছ ভালো থাকে।

ছাঁটাই ও পরিষ্কার রাখা
ঠান্ডার দিনগুলোয় ঝরে পড়া ফুল, শুকনো পাতা ও দুর্বল ডাল নিয়মিত কেটে ফেলুন। এতে গাছে দ্রুত নতুন কুঁড়ি ধরবে। 

প্রয়োজন মাটির যত্ন
শীতের শুষ্ক আবহাওয়ায় মাটি শক্ত হয়ে যেতে পারে। এমন হলে হালকা করে খুঁচিয়ে মাটি আলগা করে দিন। এতে বাতাস চলাচলে সুবিধা হবে। সেই সঙ্গে শিকড় সতেজ থাকে।

গাছের সৌন্দর্য বৃদ্ধি
সাধারণত বারান্দার গাছ মাটি বা প্লাস্টিকের বিভিন্ন টবেই রাখা হয়। আজকাল নানা ধরনের টব পাওয়া যায়। বাগানের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ডিজাইনের টব ব্যবহার করতে পারেন। 
বারান্দার বড় টবগুলো এক রঙের টবে রাখতে পারেন। আবার ভিন্নভাবে দেখতে চাইলে দেয়ালের রঙের সঙ্গে মানানসই রঙেও রাঙাতে পারেন।
আজকাল পাট আর বেতের তৈরি নানা ধরনের টব পাওয়া যায়। বারান্দায় কিংবা ঘরে গাছ রাখার জন্যও এসব টব ব্যবহার করতে পারেন। এতে ঘর কিংবা বারান্দার বাগানের সৌন্দর্য বাড়বে। টবে ফুলের গাছ লাগালে বাগানের সৌন্দর্য আরও বেড়ে যাবে। v

আরও পড়ুন

×