ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সান্তা ক্লজের উপহার

সান্তা ক্লজের উপহার
×

শিরিন আক্তার 

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৪

| প্রিন্ট সংস্করণ

শীতকাল মানেই নানা উৎসবের আয়োজন। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে এ সময় পিকনিক, ভ্রমণ, আড্ডা বেশি জমে ওঠে। তবে শীতকালের সবচেয়ে বড় উৎসব হলো ‘বড়দিন’। যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে এই দিনে গোটা বিশ্বে বড়দিন বা ক্রিসমাস উদযাপিত হয়। বড়দিন মানেই আনন্দ, আলো আর ভালোবাসার উৎসব। ডিসেম্বরের হিমেল সকালে যখন চারপাশ সাজে রঙিন আলো, ক্রিসমাস ট্রি আর কেকের সুবাসে, তখন কারও কারও ইচ্ছে হয় আপনজনকে কিছু উপহার দিতে। বড়দিনের উপহার আসলে বিশেষ কোনো বস্তু নয়–এটি ভালোবাসা প্রকাশের এক নীরব ভাষা। বড়দিনে উপহার দেওয়া-নেওয়ার প্রথা আছে বিশ্বজুড়েই। 

উপহার মানেই মনে রাখা
এই দিনে পরিবারের সদস্যদের জন্য ছোট একটি উপহারও হয়ে ওঠে বিশেষ। মায়ের জন্য শাল বা উষ্ণ সোয়েটার, বাবার জন্য ঘড়ি কিংবা ছেলেমেয়ের জন্য বই বা খেলনা–এসব উপহার জানান দেয় যত্ন আর দায়িত্ববোধের কথা। সংসারের ছোট ছোট উপহারেই বড়দিনে ছড়িয়ে পড়ে পারিবারিক উষ্ণতা।
বন্ধুবান্ধব বা প্রিয়জনকে বড়দিনের আরও যা উপহার দিতে পারেন–

টুপি 
এখন শীতের সময়। এ সময় শরীর গরম রাখতে বিয়ানি টুপির তুলনা নেই। কাউকে উপহার দিতে চাইলে নিজ হাতে বুনতেও পারেন বা যে কোনো স্টোর এবং অনলাইন শপ থেকে কিনতেও পারেন। এটি আপনার বাজেটের মধ্যেই থাকবে। 

মিষ্টির বাক্স 
আজকাল অনেক দোকানেই বিভিন্ন রকম মিষ্টি মিলিয়ে আলাদা বাক্স পাওয়া যায়। চাইলে এ ধরনের বাক্স কিনে উপহার দিতে পারেন প্রিয়জনকে। এর পাশাপাশি চকলেট, পেস্ট্রি কেক, আইসক্রিমের বাক্স দিতে পারেন। বড়দিনে এমন উপহার পেলে নিশ্চয়ই প্রিয়জনের মুখে হাসি ফুটবে। 

মিনি স্পিকার 
সংগীতপ্রেমী কারও জন্য বড়দিনের উপহার হিসেবে মিনি স্পিকার দিতে পারেন। এটি সহজেই বহনযোগ্য বা জামা-প্যান্টের পকেটে ফিট করতে পারে। যে কোনো সুপারস্টোর বা অনলাইন শপ থেকে এটি কিনতে পারেন। 

কফি মগ
আপনার কোনো বন্ধু বা প্রিয়জন যদি চা, কফি খেতে পছন্দ করেন তাহলে তাঁকে একটি সুন্দর কফি মগ উপহার দিতে পারেন। একটু ভিন্নতা আনতে চাইলে কফি মগের ওপর তাঁর কোনো ছবি বা কোনো শুভেচ্ছা বার্তাও কাস্টমাইজ করে দিতে পারেন। এই উপহার আপনার বাজেটে খুব বেশি প্রভাব ফেলবে না। 

ব্যাকপ্যাক
ভ্রমণ করতে পছন্দ করেন এমন কাউকে উপহার হিসেবে ব্যাকপ্যাক কিনে দিতে পারেন। যে কোনো স্টোর এবং ই-কমার্স সাইট থেকে এমন ব্যাগ কিনতে পারেন। 

পানির বোতল
আজকাল বাজারে নানা ধরনের পানির বোতল পাওয়া যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি জিনিস। প্রিয়জনকে এমন কোনো পানির বোতল উপহার দিন; যা সে সহজেই ব্যাগে বহন করতে পারে। 

বই
যাকে উপহার দিতে চান তিনি যদি বই পড়তে পছন্দ করেন, তাহলে তাঁকে বড়দিনের উপহার হিসেবে বই দিতে পারেন। উপহার হিসেবে আপনার বাজেটের মধ্যে এটা হতে পারে সেরা উপহার। 

শোপিস
বড়দিনের উপহারের তালিকায় রাখতে পারেন শোপিস। বড়দিনের ছবি দেওয়া নানা ধরনের শোপিস পাওয়া যায়। যাকে উপহার দেবেন তাঁর পছন্দের মতো বেছে নিন শোপিস। তা হতে পারে কোনো স্টোনডাস্টের শোপিস বা কোনো লাইট অ্যান্ড শেড দেওয়া ইলেকট্রনিক্সের আইটেম।

অন্যান্য 
একটা ইনডোর প্লান্ট, অ্যারোমা ক্যান্ডল, হাতে তৈরি সামগ্রী কিংবা নিজ হাতে বানানো কেক বা কুকিজও হতে পারে বড়দিনের সেরা উপহার। এসব উপহার যেমন সাশ্রয়ী, তেমনি হৃদয় ছুঁয়ে যায়। নিজের সময় আর যত্ন দিয়ে বানানো যে কোনো উপহারই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান। 

আরও পড়ুন

×