ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ত্বকচর্চায় লেবু

ত্বকচর্চায় লেবু
×

ছবি: মঞ্জু আলম

শিরিন আক্তার

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৭:১৯

| প্রিন্ট সংস্করণ

ত্বকের যত্নে লেবুর ব্যবহার নতুন কিছু নয়। লেবু শুধু খাবারের স্বাদ বাড়ায় না, ত্বকের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেবুতে থাকা ভিটামিন সি, আন্টি-অক্সিডেন্ট ও প্রাকৃতিক এসিড ত্বকের জন্য খুবই উপকারী। এসব উপাদান ত্বককে করে তোলে সতেজ, উজ্জ্বল ও প্রাণবন্ত। তবে সঠিক উপায় না জেনে ব্যবহার করলে এটি ত্বকের ক্ষতিও করতে পারে। 

কেন ব্যবহার করবেন লেবু
বহুমুখী গুণের কারণে ত্বকের যত্নে লেবুর ব্যবহার জনপ্রিয়। এ ব্যাপারে কার্নাভাল মেকওভারের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ তাসলিমা পলাশী জানান, লেবুর রস ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। একই সঙ্গে মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে ভূমিকা রাখে। যাদের ত্বক তৈলাক্ত, তাদের মুখের অতিরিক্ত তেল কমাতে ভূমিকা রাখে লেবু। এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধেও বেশ কার্যকর। প্রাকৃতিকভাবে মুখ ও ঠোঁট এক্সফোলিয়েট করতে সাহায্য করে লেবু। লেবুর অ্যান্টিসেপটিক গুণ মৃত কোষ দূর করতে ভূমিকা রাখে। 
যেভাবে ব্যবহার করবেন লেবু 

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে 
লেবুর রসের সঙ্গে ডাবের ঠান্ডা পানি মেশান। মিশ্রণটি মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক হয়ে উঠবে পরিষ্কার ও আর্দ্র। এই ফেস মাস্কটি তৈলাক্ত ত্বকের জন্য দারুণ কাজ করে। যাদের ত্বক শুষ্ক, তারা বাড়তি পুষ্টির জন্য ডাবের পানির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন।
ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে আরেকটি ফেসমাস্ক তৈরি করতে পারেন। এজন্য লেবুর রস, টমেটোর রস, শসার রস এবং চন্দন বাটা সমান পরিমাণে মেশান। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। এসব অতিরিক্ত উপাদান ফেসমাস্কে যোগ করা হলে তা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করবে। 

রোদে পোড়া দাগ দূর করতে
লেবুর রস ও টক দইয়ের মিশ্রণ রোদে পোড়া কালো দাগ দূর করতে ভালো কাজ করে। গরমে ক্লান্তি দূর করতেও এটি কার্যকর। 

ত্বকে সজীবতা আনতে
সংবেদনশীল ত্বকের জন্য লেবুর সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ ত্বকে সজীবতা এনে দেয়। 

দাগ কমাতে
কনুই কিংবা ঘাড়ের কালো দাগ দূর করতে তুলার সাহায্যে নির্দিষ্ট স্থানে অল্প পরিমাণে লেবুর রস লাগাতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর হবে। 

ঠোঁটের জন্য
গ্রীষ্মেও অনেকের ঠোঁট শুষ্ক ও নিষ্প্রভ হয়ে যায়। ঠোঁটের স্বাস্থ্য ঠিক রাখতে লেবু ব্যবহার করতে পারেন। এজন্য লেবুর রস এবং ব্রাউন সুগার একসঙ্গে ফেটিয়ে নিন। লেবুর এসিডিক উপাদান রাসায়নিক এক্সফোলিয়েটর হিসেবে আর চিনির দানা ভৌত এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এ দুয়ের মিশ্রণ মৃত কোষ তুলে ঠোঁটে সজীবতা এনে দেয়। মিশ্রণটি আলতো করে ঠোঁটে ঘষুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঠোঁট হয়ে উঠবে নরম, গোলাপি ও দীপ্তিময়। 

সতর্কতা 
লেবুর অনেক উপকারিতা থাকলেও এর রস সরাসরি ত্বকে লাগালে অনেকের জন্য ক্ষতিকর হতে পারে। লেবুর সঙ্গে অন্যান্য উপাদান থাকলে এর ভারসাম্য ঠিক থাকে। এজন্য ত্বকে লেবু ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। যেমন–
লেবুর রস সরাসরি ত্বকে বেশিক্ষণ লাগিয়ে রাখবেন না। লেবুর ব্যবহার শেষে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
সংবেদনশীল ত্বকে লেবু ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা জরুরি। 

আরও পড়ুন

×