ঘরোয়া উপায়ে ফ্রিজ পরিষ্কার
শৈলী ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৭:০৩
| প্রিন্ট সংস্করণ
সামনেই কোরবানির ঈদ। এই ঈদে ঘরে ঘরে মাংস সংরক্ষণের ধুম পড়ে যায়। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্রিজ প্রস্তুত রাখা। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদের সময় ফ্রিজে অতিরিক্ত চাপ পড়ে। এ কারণে ঈদের আগেই ফ্রিজ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, অপরিষ্কার ফ্রিজে দীর্ঘ সময় মাংস রাখলে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া ও খাদ্যদূষণের ঝুঁকি বাড়ে। এ কারণে ঈদের অন্তত দুই-তিন দিন আগে ফ্রিজ গুছিয়ে নেওয়া ভালো।
ফ্রিজে অনেক সময় পুরোনো, মেয়াদোত্তীর্ণ খাবার কিংবা অব্যবহৃত জিনিসপত্র থাকে। ফ্রিজ পরিষ্কারের সময় এসব জিনিস সরিয়ে ফেলুন। এতে জায়গা যেমন বাড়বে, তেমনি ফ্রিজও পরিচ্ছন্ন থাকবে।
ফ্রিজের ট্রে, ড্রয়ার ও র্যাক সব খুলে নিন। এগুলো প্রথমে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। সাবান বা লিকুইড ক্লিনার ব্যবহার করতে পারেন। পরে শুকিয়ে আবার বসিয়ে দিন। অনেক সময় ট্রের কোনায় জমে থাকা ময়লা থেকেই দুর্গন্ধ তৈরি হয়। কোনাগুলো নরম কাপড় দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করতে পারেন। অনেকদিন ব্যবহারের ফলে অনেক সময় ফ্রিজের দরজার কোনায় থাকা রাবারটি আঠালো হয়ে যেতে পারে। এমন হলে পানিতে ভিনেগার মিশিয়ে কাপড় ও ব্রাশের সহায়তায় ভালোভাবে পরিষ্কার করুন।
ফ্রিজ পরিষ্কারের সময় ঘরোয়া উপাদান ব্যবহারের চেষ্টা করুন। এক বাটি গরম পানিতে দুই চামচ বেকিং সোডা বা সামান্য ভিনেগার মিশিয়ে নরম কাপড়ে ভিজিয়ে ফ্রিজের ভেতর মুছে নিন। এতে দাগ ও গন্ধ সহজেই দূর হয়।
অনেকেই দীর্ঘদিন ফ্রিজার পরিষ্কার করেন না। এতে ফ্রিজারে অতিরিক্ত বরফ জমে থাকে। এতে জায়গা কমে যায় এবং ঠান্ডাও ঠিকমতো ছড়ায় না। তাই কোরবানির আগে ফ্রিজার ডিফ্রস্ট করে বরফ পরিষ্কার করে নিন। বেশি বরফ জমলে আগের দিন রাতে ফ্রিজের বৈদ্যুতিক লাইন বন্ধ করে রাখুন। এতে ফ্রিজে জমা সব বরফ গলে যাবে। কষ্ট করে বরফ তুলতে হবে না।
ফ্রিজ পরিষ্কার করার পরও অনেক সময় গন্ধ থেকে যায়। এ ক্ষেত্রে ছোট একটি বাটিতে বেকিং সোডা, কফির গুঁড়া কিংবা লেবুর টুকরা রেখে দিতে পারেন। এতে দুর্গন্ধ কমে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, গরম মাংস সরাসরি ফ্রিজে না রাখাই ভালো। কিছুটা ঠান্ডা করে ছোট ছোট প্যাকেটে ভাগ করে সংরক্ষণ করতে পারেন। এতে মাংস দীর্ঘদিন ভালো থাকে।
- বিষয় :
- ফ্রিজ
