সুপারশপ সংস্কৃতি যেভাবে বদলে দিচ্ছে ঈদের কেনাকাটা
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৭:৫৫
কোরবানির পশু জবাই, মাংস প্রসেস এবং হাইজিনের জন্য কিছু উপকরণ লাগে। যেমন ছুরি, খাটিয়া, কাটিং বোর্ড, গ্লাভস, ব্লিচিং পাউডার, ফ্লোর ক্লিনার, অ্যান্টিসেপটিক প্রভৃতি। বারবিকিউ করার জন্য লাগে প্রয়োজনীয় এক্সেসরিজ। প্রয়োজন পড়ে গামলা, বালতিসহ বিভিন্ন ধরনের পাত্রের, জিপ ব্যাগ ও ফয়েল বক্সের। তারপর ফ্রিজে সংরক্ষণের কাজ। উল্লিখিত দ্রব্যাদি সংগ্রহ করতে আলাদা আলাদা বাজারে কিংবা দোকানে যাওয়া ঝাক্কিরই বটে। একসময় ঝাক্কির কাজটিই করতে হতো। দেশে সুপারশপ সংস্কৃতির বিকাশের কারণে বর্তমানে এক ছাদের নিচেই মিলছে সব আইটেম।
ঈদে গৃহিণীর পৃথক কিছু গেরস্থালি চাহিদা থাকে। মাংস রান্নার জন্যে চাই রকমারি মশলা, তেল ও ঘি। আরও চাই পেঁয়াজ-রসুন-আদা, টক দই। তাছাড়া ঈদে তো শুধু মাংস রাঁধলেই চলে না, প্রস্তুতি নিতে হয় পোলাও বা খিচুড়িসহ অন্যান্য খাবারেরও। লোভনীয় ডেজার্ট যেমন সেমাই, জর্দা, পায়েস থাকে ঈদের খাবারের মেন্যুতে। মিষ্টান্ন বানাতে চাই চিনি, দুধ, পেস্তা বাদাম, কিশমিশ, ফুড কালার ইত্যাদি। আরও চাই সালাদ আইটেম, কোমল পানীয়। এসব কিছুর পসরা সাজিয়ে বসে আছে সুপারশপ। শীতাতপনিয়ন্ত্রিত আউটলেটের মনোরম পরিবেশ, সাশ্রয়ী মূল্যে এসব কেনার সুবিধা ক্রেতারা হারাতে চান না। বলার অবকাশ নেই সুপারশপ সংস্কৃতি কালে কালে বদলে দিয়েছে কোরবানির কেনাকাটা। আর স্বপ্ন, আগোরা, ও মীনা বাজার সুারশপের মতো দায়িত্বশীল সুপারশপগুলোতে কোরবানি উপলক্ষে মেগা অফারও থাকে।
এক দশক আগেও মাছ-মাংস, সবজি, মসলা কিংবা গৃহস্থালি পণ্য কেনার ক্ষেত্রে বাসাবাড়ি সংলগ্ন বা কাছের বাজারগুলোই ছিল একমাত্র ভরসা। সময়ের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় সব পণ্য এক ছাদের নিচে পাওয়া, নির্ধারিত মূল্য আর যথাযথ মানের আশ্বাস নিয়ে, পরিবর্তিত আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সুপার শপগুলো ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। নগরমুখী মানুষ এমন একটি সুশৃঙ্খল পরিবেশ চায় যেখানে এক ছাদের নিচেই ঝক্কি-ঝামেলাহীন যাবতীয় বাজার করার সুবিধা বিদ্যমান। মানুষ আগের চেয়ে স্বাস্থ্যসচেতন বলেই নিরাপদ খাদ্য তার প্রত্যাশিত। তাছাড়া পণ্যের ওপর থেকে শতকরা ৫ ভাগ ভ্যাট প্রত্যাহার ক্রেতাদেরকে আগের তুলনায় বেশি সুপারশপমুখী করেছে। আর এভাবেই মধ্যবিত্ত পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ধরনে লক্ষ্যযোগ্য পরিবর্তন আসছে। এক ছাদের নিচে সংসারের যাবতীয় দরকারি পণ্য কেনার সুবিধা পাওয়ায় অনেকেই সুপারশপকে আশীর্বাদ হিসেবে দেখছেন। অন্যদিকে ডিজিটাল পেমেন্ট, লয়্যালটি প্রোগ্রাম এবং প্রমোশনাল অফারগুলো আধুনিক রিটেইল চেইনগুলোর জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছে।
- বিষয় :
- কেনাকাটা
