রোদ ঠেকাবে পর্দা
ঘরের ভেতরে তাপ কমাতে পর্দার ভূমিকা গুরুত্বপূর্ণ
রোজি আরেফীন
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৭:১৬
| প্রিন্ট সংস্করণ
গরমের দিনে ঘরকে ঠান্ডা, আরামদায়ক ও নান্দনিক রাখতে পর্দার তুলনা নেই। এটি শুধু দরজা বা জানালা ঢাকার একটি উপকরণ নয়, বরং এটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে পুরো ইন্টেরিয়রের সৌন্দর্য বদলে দিতে পারে। বিশেষ করে তীব্র গরম ও প্রখর রোদে সঠিক পর্দা নির্বাচন করলে ঘরের ভেতরে তাপ অনেকটাই কম অনুভূত হয়। একই সঙ্গে পর্দা ঘরের আলো নিয়ন্ত্রণ, গোপনীয়তা রক্ষা এবং সাজসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাম্প্রতিক বছরগুলোয় ঘর সাজানোর ধরনেরও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে পর্দা নির্বাচন করা হতো শুধু রং বা ডিজাইন দেখে, এখন সেখানে গুরুত্ব পাচ্ছে ফেব্রিক, তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা, রক্ষণাবেক্ষণের সুবিধা এবং পরিবেশবান্ধব উপকরণ। ফলে পর্দা এখন আর কেবল সাজসজ্জার অংশ নয়; এটি জীবনযাপনেরও গুরুত্বপূর্ণ উপাদান।
গরমের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফেব্রিক হচ্ছে কটন ও লিনেন। কটন পর্দা হালকা, আরামদায়ক এবং সহজে পরিষ্কার করা যায়। অন্যদিকে লিনেন পর্দা ঘরে একটি প্রাকৃতিক ও অভিজাত পরিবেশ তৈরি করে। যারা দিনের আলো পছন্দ করেন, তারা টিস্যু বা নেটের পর্দা ব্যবহার করতে পারেন। এতে আলো ঘরে প্রবেশ করলেও তীব্রতা অনেকটাই কমে যায়। আবার যেসব ঘরে সরাসরি রোদ পড়ে, বিশেষ করে পশ্চিমমুখী জানালা, সেখানে ব্ল্যাকআউট পর্দা বেশ কার্যকর। এই ধরনের পর্দা সূর্যের তাপ অনেকাংশে প্রতিরোধ করতে পারে। ফলে ঘর তুলনামূলক ঠান্ডা থাকে।
রংয়ের ক্ষেত্রেও এখন হালকা ও প্রাকৃতিক শেড বেশি জনপ্রিয়। সাদা, অফ-হোয়াইট, ক্রিম, বেইজ, আকাশি, হালকা ধূসর ও হালকা সবুজ রঙের পর্দা বর্তমানে ট্রেন্ডে রয়েছে। এসব রং আলো প্রতিফলিত করে এবং ঘরকে উজ্জ্বল ও প্রশস্ত দেখায়। ইন্টেরিয়রদের মতে, গরমের সময় গাঢ় রংয়ের পরিবর্তে হালকা রং বেছে নিলে ঘরে একটি প্রশান্ত ও শীতল অনুভূতি তৈরি হয়।
ডিজাইনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ভারী কারুকাজ ও অতিরিক্ত নকশার পরিবর্তে এখন মিনিমালিস্ট ডিজাইন বেশি জনপ্রিয়। ফুল, পাতা, লতা কিংবা প্রকৃতি-প্রাণিত মোটিফের পর্দা এখন অনেকের পছন্দের তালিকায়। বিশেষ করে বোটানিক্যাল প্রিন্ট এবং ন্যাচারাল টেক্সচারের কাপড় আধুনিক ঘরসজ্জায় নতুন মাত্রা যোগ করছে। এ ছাড়া ডাবল-লেয়ার পর্দাও বর্তমানে বেশ জনপ্রিয়। এতে একদিকে থাকে টিস্যু বা নেটের পর্দা এবং অন্যদিকে ব্ল্যাকআউট পর্দা। আলো ও গোপনীয়তা নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি আধুনিক বাসাবাড়িতে বেশ কার্যকর।
পর্দার সঙ্গে ইনডোর প্লান্টের সমন্বয়ও এখন একটি বড় ট্রেন্ড। জানালার পাশে কিংবা ঘরের কোণে স্নেক প্লান্ট, মানি প্লান্ট, পিস লিলি বা অ্যারেকা পাম রাখলে ঘরে একটি সতেজ ও প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। সবুজ গাছ এবং হালকা রংয়ের পর্দার সমন্বয় ঘরকে আরও উজ্জ্বল, প্রাণবন্ত ও স্বস্তিদায়ক করে তোলে।
শুধু গাছপালা নয়, অন্যান্য ডেকোরেশনও পর্দার সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। বেত বা বাঁশের ল্যাম্পশেড, কাঠের ওয়াল শেলফ, সিরামিক ফুলদানি, হালকা রঙের কুশন কভার, ঝুলন্ত প্লান্ট হ্যাঙ্গার কিংবা ছোট কার্পেট ব্যবহার করলে ঘরে একটি আধুনিক ও নান্দনিক ভারসাম্য তৈরি হয়। বর্তমানে ন্যাচারাল ও আর্থি ডেকোরেশন ট্রেন্ডে থাকায় এসব উপকরণের জনপ্রিয়তাও বাড়ছে।
দামের দিক থেকে দেখলে বাজারে বিভিন্ন বাজেটের পর্দা পাওয়া যায়। সাধারণ কটন পর্দা ৮০০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। লিনেন পর্দার দাম সাধারণত এক হাজার ৫০০ থেকে শুরু হয়ে পাঁচ হাজার টাকা বা তার বেশি হতে পারে। ব্ল্যাকআউট পর্দার দাম প্রায় দুই হাজার টাকা থেকে শুরু হয়। রাজধানীসহ দেশের বড় শহরগুলোর হোম ডেকোর শোরুম, ফার্নিচার আউটলেট, কাপড়ের মার্কেট এবং অনলাইন প্ল্যাটফর্মে এখন সহজেই আধুনিক ডিজাইনের পর্দা পাওয়া যায়।
- বিষয় :
- ঘর তৈরি
