অদলবদলে নতুন ঘর
নির্দিষ্ট সময় পর পর আসবাবের জায়গা পরিবর্তন করলে ঘরে নতুনত্ব আসে
স্মৃতি চক্রবর্তী
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৭:৩০
| প্রিন্ট সংস্করণ
যার যার ঘর তার কাছে প্রিয়। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি আসবাবের সঙ্গে মিশে থাকে অন্যরকম শান্তির অনুভূতি। তবে মাঝেমধ্যে একই ঘর, একই আসবাব, একইভাবে সাজানো– সবকিছু দেখতে একটু একঘেয়ে লাগতেই পারে। তখন ঘরের চেহারা বদলাতে একটু চেষ্টা করতে পারেন। এ জন্য যে সবসময় নতুন আসবাব বা নতুন জিনিসপত্র লাগবে তা নয়। হয়তো সোফা একদিক থেকে আরেকদিকে, বুকশেলফ অন্যদিকে ঘুরিয়ে, শোপিসগুলো ঘরের অন্য কোনো কোণে রেখে ঘরের সাজ বদলাতে পারেন। আবার শোয়ার ঘরের খাট-আলমারির অবস্থানও বদলাতে পারেন। এমন ছোট ছোট পরিবর্তনেই নিজের ঘর নতুন লাগবে।
অদলবদলে নতুনত্ব
ঘরের সাজ বদল আনতে হলে প্রথমেই আসে আসবাবের অবস্থান পরিবর্তন। প্রথমে ভেবে নিন কোন আসবাব কোথায় রাখবেন। বসার ঘরের সোফা, সেন্টার টেবিল, চেয়ার কিংবা বুকশেলফের জায়গা বদলে দেখুন কেমন লাগছে। তবে অবস্থান পরিবর্তনের আগে আসবাব সেখানে রাখলে ঘরে চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা, দরজা-জানালা খোলা যাচ্ছে কিনা, সেদিকেও খেয়াল রাখুন। আসবাব এমনভাবে রাখুন যাতে জানালার সামনে রাখলেও ঘরে আলো-বাতাস ভালোভাবে প্রবেশ করে।
শোয়ার ঘর সবার আরামের জায়গা। মাঝেমধ্যে এ ঘরের খাট-আলমারির অবস্থান বদলে দেখতে পারেন। এতে ঘরটা অন্যরকম লাগবে।
এক ঘরের জিনিস অন্য ঘরে
ঘরের সাজবদলের আরেকটা সহজ উপায় হলো– এক ঘরের জিনিস আরেক ঘরে রাখা। বসার ঘরের ছোট টেবিল শোবার ঘরে আর শোয়ার ঘরের আয়না বসার ঘরের কোনো দেয়ালে রাখতে পারেন। একইভাবে ফুলদানি, ল্যাম্প, কুশন কিংবা ছোট শোপিসও নতুন জায়গায় ব্যবহার করা যায়।
রঙে আনুন বদল
নতুনত্ব আনতে ঘরে রঙের পরিবর্তন আনতে পারেন। হয়তো বিছানার চাদর বদলে দিলেন। কখনও কুশনের কভার, কখনও পর্দা, কখনও টেবিল রানার বদলে নিতে পারেন। গরমের সময়ে সাদা, অফ-হোয়াইট, হালকা নীল বা প্যাস্টেল রং ঘরে প্রশান্তি এনে দেয়। গাঢ় বা উষ্ণ রংও ঘরে তৈরি করতে পারে আরামদায়ক আবহ।
দেয়ালেও হোক বদল
দেয়ালে বছরের পর বছর একই ছবি ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই। ছবির ফ্রেমগুলোর অবস্থান বদলে দিতে পারেন। একসঙ্গে কয়েকটি ছোট ছবি সাজিয়ে তৈরি করা যায় গ্যালারি ওয়াল। আবার কোনো সময় দেয়াল একেবারে খালি রেখেও দেখতে পারেন। আয়না ব্যবহার করলেও ঘর কিছুটা বড় ও আলোকিত মনে হতে পারে।
পুরোনো জিনিসের নতুন ব্যবহার
ঘরের সাজে বৈচিত্র্য আনতে পুরোনো জিনিস নতুনভাবে ব্যবহার করা যেতে পারে। বাড়ির পুরোনো কাঠের চেয়ার বা টেবিলে নতুন রং করতে পারেন। কাচের বোতলে ফুল, পুরোনো ট্রেতে ছোট গাছ রাখতে পারেন। এতে ঘরের সাজে ভিন্নভাব আসে।
সবুজে সতেজতা
ঘরে নতুনত্ব আনতে গাছ হতে পারে দারুণ সংযোজন। জানালার পাশে বড় টবের গাছ, টেবিলের ওপর ছোট ইনডোর প্লান্ট কিংবা কোনো খালি কোণে সবুজের আয়োজন–এ সবকিছু ঘরে নতুনত্ব আনে। তবে গাছের প্রয়োজন অনুযায়ী যাতে আলো ও বাতাসের ব্যবস্থা থাকে সেদিকে খেয়াল রাখুন।
আলোয় বদলান আবহ
আসবাবের পাশাপাশি ঘরে আলোর অবস্থান পরিবর্তন করলেও ঘরে নতুন অনুভূতি তৈরি করা যায়। টেবিল ল্যাম্প, ফ্লোর ল্যাম্প কিংবা ডেকোরেটিভ লাইট নতুন জায়গায় রাখতে পারেন। তীব্র আলোর বদলে ঘরের বিভিন্ন কোণে নরম আলো ব্যবহার করুন। এতে ঘর হয়ে উঠবে আরামদায়ক।
অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন
ঘরে বদল আনার সময় কিছু অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। দীর্ঘদিন ব্যবহার করা হয়নি এমন জিনিস ফেলে দিন বা কাউকে দান করে দিন। ঘর যতটা সম্ভব খোলামেলা রাখুন।
ঘরের সাজে পরিবর্তন আনতে সবসময় অর্থ খরচের প্রয়োজন নেই। একটু পরিকল্পনা করে ঘরের জিনিসপত্র এদিক-ওদিক করুন, একটু গুছিয়ে নিন। এতেই চেনা ঘরটিই হয়ে উঠবে নতুন। v
ছবি: রিনিস
- বিষয় :
- ঘর তৈরি