ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ত্বক পরিষ্কারে ক্লে মাস্ক

ত্বক পরিষ্কারে ক্লে মাস্ক
×

শারমিন রহমান 

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৭:৩২

| প্রিন্ট সংস্করণ

আজকাল ঘরোয়া রূপচর্চা থেকে শুরু করে আধুনিক স্কিন কেয়ার রুটিন–সবখানেই প্রাকৃতিক উপকরণের ব্যবহার বেড়েছে। এর মধ্যে এখন ক্লে মাস্কের জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে ত্বকে অতিরিক্ত তেল, ময়লা ও তৈলাক্তভাব থাকলে ক্লে মাস্ক হয়ে উঠতে পারে পরিচর্যার একটি সহজ উপায়। তবে ত্বকের ধরন বুঝে সঠিক ক্লে বেছে নেওয়া এবং ব্যবহারের নিয়ম জানা জরুরি।
কোন ক্লে মাস্ক কী কাজ করে 
মুলতানি মাটি
মুলতানি মাটি সবচেয়ে পরিচিত প্রাকৃতিক ক্লেগুলোর একটি। রোদের কারণে ত্বকে পিগমেন্টেশন বা কালচে দাগ দেখা দিলে মুলতানি মাটির সঙ্গে নারকেলের পানি মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। অ্যালার্জি বা সামান্য ত্বকের জ্বালাপোড়ায় গোলাপজলের সঙ্গে মিশিয়েও এটি ব্যবহার করা হয়। তবে যাদের ত্বক শুষ্ক, তাদের সপ্তাহে একবারের বেশি ব্যবহার না করাই ভালো।
বেন্টোনাইট ক্লে
বেন্টোনাইট ক্লে মূলত তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য উপযোগী। এটি ত্বকের রোমকূপের গভীরে জমে থাকা অতিরিক্ত তেল, ময়লা ও দূষণের কণা শোষণ করে ত্বককে পরিষ্কার রাখে। তবে এই ক্লে ত্বককে কিছুটা শুষ্ক করে দিতে পারে। তাই এটি ব্যবহার করার সময় সাধারণ পানির পরিবর্তে মধু, দই বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
কাওলিন ক্লে
কাওলিন ক্লে বা সাদামাটি সংবেদনশীল ত্বকের জন্য সবচেয়ে মৃদু ক্লেগুলোর একটি। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করলেও ত্বককে অতিরিক্ত শুষ্ক করে না। পাশাপাশি লোমকূপ পরিষ্কার করে, মৃত কোষ দূর করে এবং ত্বকের লালচে ভাব ও ব্রণের প্রদাহ কমাতে সাহায্য করে।
গ্রিন টি ক্লে
গ্রিন টি নির্যাস ও প্রাকৃতিক ক্লের সমন্বয়ে তৈরি গ্রিন টি ক্লে মাস্ক বর্তমানে বেশ জনপ্রিয়। এটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, লোমকূপ গভীরভাবে পরিষ্কার করে এবং ব্ল্যাকহেডস ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ, কোমল ও উজ্জ্বল রাখতেও ভূমিকা রাখে।
মিন্ট এন লেমন ক্লে মাস্ক
তৈলাক্ত ত্বকে ময়লা, ধুলোবালি সহজে আটকে থাকার কারণে পোরগুলো বন্ধ হয়ে ব্রণের সৃষ্টি করে। অয়েলি ত্বকের জন্য লেমন অ্যান্ড মিন্ট ক্লে মাস্কটি খুব গুরুত্বপূর্ণ। এতে থাকা পুদিনা পাতা এবং লেবুর নির্যাস ত্বকের ময়লা পরিষ্কার করে ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে পোর মিনিমাইজ করে ত্বকে প্রশান্তি এনে দেয়। 

মডেল: কলি; ছবি: বিহাইভ স্টুডিও

আরও পড়ুন

×