ট্রেন্ডে মিরর সেলফি
সুরাইয়া হেনা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
মিরর সেলফি বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে বহুল পরিচিত ও জনপ্রিয় একটি ছবি তোলার ধরন। আয়নার সামনে দাঁড়িয়ে হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরায় নিজে নিজের ছবি তোলাই মূলত মিরর সেলফি। ছেলে হোক কিংবা মেয়ে, তরুণ প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা এখন বেশ চোখে পড়ার মতো।
মিরর সেলফির জনপ্রিয়তার অন্যতম কারণ– এতে শুধু মুখ নয়, পুরো অবয়ব, পোশাক, স্টাইল এবং আশপাশের পরিবেশও একই ফ্রেমে তুলে ধরা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো, ছবিটি তোলার জন্য অন্য কারও সাহায্যের প্রয়োজন হয় না। ফলে নিজের মতো নিজের উপস্থিতি তুলে ধরার সহজ একটি মাধ্যম হয়ে উঠেছে মিরর সেলফি।
সামাজিক মাধ্যমে সেলফিকে নিজের একটি নির্বাচিত দৃশ্যমান পরিচয় তুলে ধরার মাধ্যম হিসেবে দেখা হয়। বিনোদন, সামাজিক যোগাযোগ এবং বিশেষ কোনো মুহূর্ত ধরে রাখার পাশাপাশি নিজের স্টাইল ও ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রেও সেলফির ভূমিকা রয়েছে। মিরর সেলফি সেই প্রবণতাকেই আরও বিস্তৃত করেছে।
মিরর সেলফির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো, ছবি তোলার আগেই পুরো ফ্রেমটি চোখের সামনে দেখা যায়। সাধারণ সেলফিতে ক্যামেরার স্ক্রিন দেখে নিজেকে নির্দিষ্ট ফ্রেমে আনতে হয়। আয়নার সামনে দাঁড়ালে নিজের অবস্থান, পোশাক, পোজ এবং পেছনের পরিবেশ একসঙ্গে দেখা সম্ভব। ফলে ছবি কেমন হবে, তা আগে থেকেই কিছুটা বোঝা যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো লুক তুলে ধরার সুযোগ। পোশাক, জুতা, ব্যাগ, অ্যাকসেসরিজ কিংবা ঘরের সাজ– সবই সহজেই ছবির অংশ হয়ে উঠতে পারে। তাই মিরর সেলফি অনেকের কাছে শুধু নিজের ছবি নয়, বরং ব্যক্তিগত ফ্যাশন ও স্টাইল প্রকাশেরও একটি মাধ্যম।
বর্তমানে সামাজিক মাধ্যমে ‘ফিট চেক’ বেশ জনপ্রিয় কনটেন্ট। শুধু কনটেন্ট ক্রিয়েটররাই নন, সাধারণ ব্যবহারকারীরাও পোস্ট ও স্টোরিতে নিজেদের পোশাক ও লুক তুলে ধরতে পছন্দ করেন। এ কাজটি সহজে করার অন্যতম উপায় মিরর সেলফি। অন্য কারও সাহায্য ছাড়াই নিজের আউটফিট ও উপস্থিতি তুলে ধরার সুযোগ থাকায় এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ঘরের আয়না থেকে শুরু করে রেস্টুরেন্ট, ট্রায়াল রুম কিংবা ওয়াশরুম; বিভিন্ন জায়গার আয়নায় এখন মিরর সেলফির দেখা মেলে। তবে মিরর সেলফি তুললেই যে তা সুন্দর হবে, এমন নয়। আলো, ফ্রেম, ফোনের অবস্থান এবং পোজ–কয়েকটি বিষয় একটু খেয়াল রাখলেই ছবির মান অনেকটাই বদলে যেতে পারে।
জেনে নিন ভালো মিরর সেলফির কয়েকটি কৌশল
আলো ঠিক রাখুন
যে আয়নায় নিজের সেলফি তুলবেন তার আশপাশের আলো কেমন তার দিকে লক্ষ্য রাখুন। ফ্লাশ লাইট ব্যবহার এড়িয়ে চলুন, এতে আয়নায় আলো রিফ্লেক্ট হয়ে ছবি ঝলসে যেতে পারে। ফোন বা শরীরের অবস্থানের কারণে মুখ কিংবা পোশাকে যেন অপ্রয়োজনীয় ছায়া না পড়ে, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
ফ্রেম পরিষ্কার রাখুন
শুধু আয়নার কাচ পরিষ্কার নয়, ফ্রেমও পরিষ্কার রাখুন। আয়নার প্রতিফলনে যা কিছু দেখা যায় সবই ছবির অংশ হয়ে যায়। ফলে পেছনে থাকা অপ্রয়োজনীয় বা অগোছালো জিনিস পুরো ছবির সৌন্দর্য নষ্ট করতে পারে। ছবি তোলার আগে আয়নায় একবার পুরো ফ্রেম দেখে নিলে সহজেই বিষয়টি এড়ানো যায়।
ফোনের অবস্থান খেয়াল করুন
ফোন একেবারে মুখের সামনে রাখলে মুখ বা পোশাকের গুরুত্বপূর্ণ অংশ ঢেকে যেতে পারে। তাই ফোন সামান্য এক পাশে কিংবা এমন উচ্চতায় রাখা ভালো, যাতে মুখ ও পোশাক দুটোই স্পষ্ট থাকে। পুরো শরীরের ছবি তুলতে হলে ফোন ও আয়নার মধ্যকার দূরত্বও গুরুত্বপূর্ণ।
পোজ রাখুন স্বাভাবিক
অতিরিক্ত জটিল পোজের চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে সামান্য ঘুরে দাঁড়ানো অনেক সময় বেশি আকর্ষণীয় দেখায়। আয়নার দিকে তাকানো কিংবা ক্যামেরার দিকে তাকানো, দুটির মধ্যেও ছবির আবহে পার্থক্য তৈরি হয়। তাই নিজের সঙ্গে মানানসই স্বাভাবিক ভঙ্গিটিই বেছে নেওয়া ভালো।
অতিরিক্ত এডিট এড়িয়ে যান
ছবির সামান্য এডিটিং ছবিকে আরও পরিপাটি করে তুলতে পারে। তবে অতিরিক্ত ফিল্টার বা কৃত্রিমভাবে চেহারা ও শরীরের পরিবর্তন সবসময় কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। তাই অতিরিক্ত এডিটের বদলে ছবির স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখাই ভালো।
ভালো মিরর সেলফির জন্য দামি ফোন কিংবা অসংখ্য ফিল্টারের প্রয়োজন নেই। পরিষ্কার আয়না, সঠিক আলো, গোছানো ফ্রেম, উপযুক্ত দূরত্ব এবং স্বাভাবিক ভঙ্গি–এ কয়েকটি বিষয় ঠিক থাকলেই একটি মিরর সেলফি হয়ে উঠতে পারে অনেক বেশি পরিপাটি ও আকর্ষণীয়।
- বিষয় :
- আয়নাবাজি