ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মেধা বিকাশে সৃজনশীল প্রতিযোগিতা

মেধা বিকাশে সৃজনশীল প্রতিযোগিতা
×

মেধা বিকাশে সৃজনশীল প্রতিযোগিতা শেষে রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সুহৃদ ও প্রতিযোগীদের একাংশ

মুরশেদুল হাসান সাগর

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ০০:৪৬

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজন করেছে ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’। কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলছে মাসব্যাপী কার্যক্রম। প্রথম পর্যায় শেষে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ১৮ ও ১৯ জুলাই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল পর্ব। আয়োজনের বিস্তারিত–


শিক্ষার্থীদের মেধা বিকাশে সৃজনশীল প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে সুহৃদ সমাবেশ নিয়মিতভাবে আয়োজন করছে মেধা অন্বেষণ প্রতিযোগিতার। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীদের লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করার মাসব্যাপী কর্মসূচি। 
গোমস্তাপুর সুহৃদ সমাবেশের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজ্ঞান, গণিত, ভাষা, প্রযুক্তি ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশ নেওয়া শিক্ষার্থীরা মেধা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পায় এবং বিজয়ীরা বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত হয়। 
প্রাথমিক বাছাই শেষে ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব। উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীর মধ্য থেকে ২৫০ জনকে বাছাই করা হয়েছে; যারা চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবে।
দু’দিনব্যাপী সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় তিনটি ভেন্যুতে। স্কুলগুলো ছিল আলাদা পরীক্ষা কেন্দ্র। দায়িত্বপ্রাপ্ত সুহৃদ সদস্যদের সমন্বয়ে গঠিত টিম পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে। এর আগে প্রস্তুতি সভায় সুহৃদদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রহনপুর পৌরসভার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এ ভেন্যুর দায়িত্বে ছিলেন সুহৃদ আমির হামজা, হিজবুল্লাহ ও ইসতিয়াক। আলিনগর ইউনিয়নের পরীক্ষা কেন্দ্র আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে দায়িত্ব পালন করেন সুহৃদ আব্দুল ওদুদ, ইমতিয়াজ ও শাহীন আলম। তৃতীয় ভেন্যু বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ে এ ইউনিয়নের অংশগ্রহণকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দায়িত্বে ছিলেন সুহৃদ গোমস্তাপুর শাখার সভাপতি মুরশেদুল হাসান সাগর, সুহৃদ ওবায়েদ ও মুসফিক।
সেমিফাইনাল পর্বে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার। এ ছাড়া সুহৃদ সমাবেশের উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ড. আতিকুর রহমান, কাওসার আহমেদ, এনামুল হক, রবিউল আওয়ালসহ অন্য সদস্য ও অতিথিরা।
আয়োজন সম্পর্কে ইউসুফ আলী সরকারি কলেজের শিক্ষক ড. আতিকুর রহমান বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভা, মেধা ও মননশীলতা বিকাশে সাহায্য করে বলে আমি বিশ্বাস করি।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী মাসে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা সনদ, ক্রেস্ট ও বিশেষ পুরস্কার।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার্বিকভাবে আয়োজনে ছিলেন গোমস্তাপুর সুহৃদ সমাবেশের সদস্যরা। মেধা বিকাশের এ উৎসবমুখর আয়োজন ঘিরে গোমস্তাপুরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 
সভাপতি, সুহৃদ সমাবেশ, গোমস্তাপুর

আরও পড়ুন

×