এডাস্ট সুহৃদের ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘এক ক্লিকের গল্প’
বিজয়ীদের পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমসহ অতিথিরা
সুহৃদ সমাবেশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:২২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৪২
প্রতিটি ছবি যেন এক একটি জীবনের গল্প। যে গল্পে চোখ রাখামাত্র হারিয়ে যাওয়া যায় চিত্রিত ভুবনে। অতীত দীপঙ্কর বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হলো এমন এক ছবির প্রদর্শনী। যেখানে শিক্ষার্থীরা ছবি তুলে জমা দেন নির্ধারিত ঠিকানায়। সেখান থেকে বাছাইকৃত ৩০টি ছবি নিয়ে হয় প্রদর্শনী। এক ক্লিকের গল্প শিরোনামে আয়োজিত এ ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তোলা ছবির প্রদর্শনী শেষে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিচারক ছিলেন ফটোসাংবাদিক মামুনুর রশীদ এবং সাজ্জাদ নয়ন। প্রতিযোগিতায় প্রথম সাংবাদিকতা বিভাগের রোমান রায়হান, দ্বিতীয় সিএসই বিভাগের মামুনুর রশিদ এবং তৃতীয় স্থান হয়েছেন বিবিএর আমানুর রহমান। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান।

বিশ্ববিদ্যালয়ের শুভ্র মঞ্চ চত্বরে অনুষ্ঠিত প্রদর্শনী উপভোগ করেন অতিথি, শিক্ষক-শিক্ষার্থী সবাই। ক্যামেরার চোখে ধরা দেয় নানা গল্প ও বাস্তবতার প্রতিচ্ছবি বহুল প্রতীক্ষিত ফটোগ্রাফি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ছবি তোলা বা ফটোগ্রাফি একটি শিল্প। এই শিল্পকে আমাদের কাজে লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামেও পারদর্শী হতে হবে। তাহলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব কামরুজ্জামান লিটু। তিনি বলেন, ছবি জীবনের কথা বলে আর ফটোগ্রাফার ছবির মাধ্যমে জীবন-বাস্তবতার এক অনন্য দিক তুলে ধরেন।
সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, সুহৃদরা সৃজনশীল কাজের মধ্য দিয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটান। তরুণ শিক্ষার্থীরা প্রমাণ করলেন, তারা শুধু পড়াশোনায় নয়, পাঠ্যক্রমের বাইরেও তারা দক্ষ। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজের মধ্য দিয়ে সুহৃদরা এগিয়ে যাবেন– এটা আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজার ড. এবিএম শহিদুল্লাহ, সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার, জার্নালিজম ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর জোবায়ের আহমেদ এবং প্রভাষক কেয়া বোস। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সুহৃদরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতা শুধু ছবি তোলার আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, সৃজনশীলতা ও বাস্তবতাকে ফুটিয়ে তোলার একটি অনন্য প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের অর্থবহ আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- ফটোগ্রাফি
- এডাস্ট
- প্রতিযোগিতা
