খুলনায় সেরা সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়
খুলনা প্রেস ক্লাবে বিভাগীয় উৎসবে চ্যাম্পিয়ন সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকসহ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিরা
হাসান হিমালয়
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ০৬:৫১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১৫:১৪
| প্রিন্ট সংস্করণ
বিজ্ঞান ও যুক্তি দিয়ে জীবনকে নতুন করে সাজানোর প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় পর্যায়ের বিতর্ক উৎসব। খুলনা বিভাগের ১০টি জেলার সেরা বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি, চুলচেরা বিশ্লেষণ ও প্রাণবন্ত বিতর্কে দিনভর উৎসবমুখর ছিল খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণ।
উৎসবে খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক ১১ অক্টোবর প্রথম পর্ব, কোয়ার্টার ফাইনাল এবং ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনার সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়। খুলনা সেন্ট জোসেফস স্কুলের দলনেতা ইমরান খান সেরা বক্তা নির্বাচিত হন।

বৃষ্টিস্নাত সকালে বিভিন্ন জেলার বিতার্কিকদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উৎসব মডারেটর সমকালের সহকারী সম্পাদক ও হেড অব ইভেন্টস হাসান জাকির, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ প্রেস ক্লাবের সদস্যরা।
বিএফএফ ও সমকালকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি মো. ফিরোজ সরকার বলেন, যুক্তিতর্কের লড়াই আমাদের যৌক্তিক জীবন গড়ার পথ দেখায়। বিতার্কিকরা অযৌক্তিক কোনো কিছু গ্রহণ করে না। বস্তুনিষ্ঠ ও সত্য নির্ধারণে যুক্তির বিকল্প নেই। বিতর্কের টানে যারা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন সবার জন্য শুভকামনা।
উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক ও প্রাক্তন বিতার্কিক শেখ দিদারুল আলম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সারওয়ার আখতার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম ও ড. মো. সালাউদ্দীন, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় ও খুলনা নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. সউদ আল ফয়সাল রাজু। এ সময় নিয়ন্ত্রকের দায়িত্বে সহযোগিতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈয়ায়িক ডিবেটিং ক্লাবের সদস্য আবু ওবায়দুল নাহিয়ান ও আরাফাত রহমান।
চ্যাম্পিয়ন দলের তিন সদস্য সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের শেখ মো. সিয়াম হোসেন, শেখ জুবায়ের আহমাদ ও ইমরান খানের ভাষ্য, ‘বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই আনন্দ লাগছে। এবার লক্ষ্য চূড়ান্ত আসর। আশা করছি জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবো।’
রানার্সআপ দলের সদস্য সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের ইশরাত জাহান ঊর্মি, মোকাররম সিদ্দিক ও দল নেতা তাহরিমা তাসনিম মাইশার ভাষ্য, এ ধরনের একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভালো লাগছে। ছোট ভুলগুলো দূর করে ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে তারা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের খুলনার স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্য মাহদী হাসান সীন, সুমাইয়া সিদ্দিকা, জাহিদ হাসান ও তায়েবা চৌধুরী, সমকালের ফটোসাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে দেশজুড়ে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা চ্যাম্পিয়নরা বিভাগীয় উৎসবে অংশগ্রহণের সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় খুলনায় দশ জেলার বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো–বাগেরহাটের দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যশোরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইলের পার্বতী বিদ্যাপীঠ গোবরা, ঝিনাইদহের সরকারি বালিকা বিদ্যালয়, কুষ্টিয়ার বাড়াদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাগুরার পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় এবং চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ীরা ৭ ও ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় উৎসবে অংশ নেবে।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- খুলনা
- বিএফএফ
- বিতর্ক প্রতিযোগিতা
