ময়মনসিংহে জয়ী জিলা স্কুল
ময়মনসিংহ তারেক স্মৃতি মিলনায়তনে বিভাগীয় প্রতিযোগিতা শেষে অতিথি ও আয়োজকদের সঙ্গে চ্যাম্পিয়ন জিলা স্কুল ও রানার্সআপ নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা
তানভীর হোসাইন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ০৬:৫৫ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১৫:০৭
| প্রিন্ট সংস্করণ
বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মধ্যে মুক্তবুদ্ধি ও যুক্তির চর্চা প্রসারের লক্ষ্যে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্বে জিলা স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা চ্যাম্পিয়ন দলের সাগ্নিক সরকার। ১১ অক্টোবর ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব সম্পন্ন হয়। এতে বিভাগের সাতটি জেলার চ্যাম্পিয়ন বিতর্ক দলগুলো তীব্র প্রতিযোগিতায় অংশ নেয়।
সকাল ৯টায় উদ্বোধনের মাধ্যমে সূচনা হয় বিতর্ক উৎসবের। ১০টায় শুরু হয় প্রতিযোগিতা। প্রথম পর্বে চারটি বিষয়ে নকআউট পদ্ধতিতে বিতর্কে অংশ নেয় দলগুলো। প্রতিটি ক্ষেত্রেই বিতর্কের বিষয়বস্তু ছিল বিজ্ঞান, প্রযুক্তি ও প্রাসঙ্গিক বিষয়।

প্রথম রাউন্ডে বিজয়ীরা সেমিফাইনাল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে। সেমিফাইনালে প্রথম বিতর্কে মুখোমুখি হয় ময়মনসিংহ জিলা স্কুল ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেয় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর। বিজয়ী হয় ময়মনসিংহ জিলা স্কুল ও নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মধ্যাহ্ন বিরতির পর হয় কাঙ্ক্ষিত ফাইনাল। বিষয় ছিল ‘প্রযুক্তিনির্ভরতা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে কমিয়ে দিচ্ছে।’
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে সেমিফাইনালের বিজয়ী দলগুলো তাদের যুক্তির ধার দেখায়। দর্শক মাতানো ফাইনাল বিতর্কে বিজয়ী হয় ময়মনসিংহ জিলা স্কুল। শিক্ষাবিদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ শিকক্ষ-শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–পুলিশ সুপার কাজী আখতার উল আলম, স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শওকত হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ব্যবসায়ী মাহবুব রেজা করিম মুরাদ সিআইপি, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মো. আসাদুজ্জামান ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন–বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক জামিল আহমেদ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপসচিব মশিউল আলম, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল, আরটিভির সিনিয়র সাংবাদিক মোজাম্মেল খোকন। অতিথিরা বলেন, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের কেবল বিজ্ঞানমনস্কই করে না, বরং যুক্তি দিয়ে যে কোনো সমস্যা মোকাবিলার সাহস জোগায়। বক্তারা বিতর্ক উৎসবের স্লোগানকে ধারণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- বিতর্ক
- ময়মনসিংহ
- বিএফএফ
