এডাস্টে চলচ্চিত্র প্রদর্শনী
সিনেমার আলোছায়ায় জীবনের গল্প
এডাস্ট হলরুমে চলচ্চিত্র প্রদর্শনীর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও সুহৃদরা
মারুফ আহমেদ ফাহাদ, সুহৃদ এডাস্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ১৪:৫৯
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার অন্যতম একটি মাধ্যম। এমন অনেক সিনেমা রয়েছে, যা আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়, আমাদের মানসিকতা পরিবর্তন করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। বিষয়টি বিবেচনায় নিয়ে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় (এডাস্ট) সুহৃদ সমাবেশ আয়োজন করে দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের।
বিশ্ববিদ্যালয় মানেই প্রাণ, উচ্ছ্বাস আর তরুণদের সৃজনশীল উদ্দীপনা। সেই উদ্দীপনায় রঙিন আয়োজনে দারুণ এক দিন কাটল শিক্ষার্থীদের। ‘সময়ের ক্যানভাসে আলো ছায়ার গল্প’ প্রতিপাদ্যে শনিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত প্রদর্শনী ছিল গল্প-আড্ডা আর নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চার এক প্রাণবন্ত সম্মিলন।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য কামরুল হাসান লিটু, সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মো. আসাদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সুহৃদ আবু সালেহ মূসাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক।
অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে প্রশংসা করেন শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুরাগ ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগকে। এমন আয়োজন তরুণদের নান্দনিক রুচি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা জানান। শিক্ষার পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চাই একজন শিক্ষার্থীকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে একটি চলচ্চিত্র ক্লাব গঠনের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়।
এক দিন আগেই হলরুম সাজানো হয় সিনেমা প্রদর্শনের উপযোগী করে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন ভেন্যুতে। তাদের অপেক্ষা– ভিন্নধর্মী এক অভিজ্ঞতা পাওয়ার। দুপুর পেরোতেই হলরুম ভরে ওঠে শিক্ষার্থীদের কোলাহল, উৎসুক চোখ, প্রফুল্ল মুখ আর প্রত্যাশার ছায়া নিয়ে।
শুরু হয় প্রদর্শনী। একে একে প্রদর্শন করা হয় বৈচিত্র্যময় আবহের তিনটি ভিন্ন গল্পের সিনেমা– উৎসব, হাওয়া এবং দারুচিনি দ্বীপ। উৎসবমুখর পরিবারে আবেগ, জেলেদের জীবনের অনন্য নির্মাণ আর দারুচিনি দ্বীপের রোমান্টিক অ্যাডভেঞ্চার সব মিলিয়ে পুরো সময়টা শিক্ষার্থীদের জন্য ছিল উপভোগ্য ও শিক্ষণীয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কেউ সিনেমার গল্প ব্যাখ্যা করছেন বন্ধুকে, কেউ সিনেমার সংলাপ নিয়ে আলোচনা করছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় আয়োজকদের সঙ্গে ছবি তুলে রাখছেন স্মৃতি হিসেবে। তাদের মুখের হাসি আর প্রাণবন্ত মনোভাব যেন বলছিল– দিনের ক্লাসের ক্লান্তি এই কয়েক ঘণ্টায় মিলিয়ে গেছে।
সুহৃদরা জানান, এ অনুষ্ঠান কেবল একটি প্রদর্শনী নয় বরং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। বাংলা সিনেমা থেকে আমাদের শিক্ষা ও চলচ্চিত্রের বহুমাত্রিক রূপ পরিচয় করিয়ে দেওয়া ছিল এর লক্ষ্য। এভাবেই সময়ের ক্যানভাসে আলো-ছায়ার গল্প হয়ে উঠল এক সফল, সৃষ্টিশীল এবং হৃদয়ছোঁয়া আয়োজন; যা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের একটি উজ্জ্বল সংযোজন। v
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
- এডাস্ট
- চলচ্চিত্র
- প্রদর্শনী
