সুহৃদ নির্জনের উপন্যাস ‘পরিতমা’
অদৃশ্য রহস্যে ভরা আবেগ ও টানাপোড়েনের গল্প
উপন্যাসের প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৩:৩৫ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ১৩:৩৬
মানুষের নিখোঁজ হওয়া, অদৃশ্য রহস্য এবং আবেগের টানাপোড়েনের গল্প নিয়ে সাজানো হয়েছে কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের রহস্য উপন্যাস পরিতমা। অমর একুশে বইমেলা ২০২৬-এ সৃজন থেকে প্রকাশিত হয়েছে বইটি।
পরিতমা পাঠককে নিয়ে যায় এক অজানা পৃথিবীতে। আদিলের হঠাৎ উধাও হওয়া, মায়ের শোক, পরিবারের দ্বন্দ্ব এবং অদ্ভুত ঘটনা– সব মিলিয়ে একটি রহস্যময়, আবেগঘন অভিজ্ঞতা দেবে পাঠককে। উপন্যাসে জীবনের অপ্রত্যাশিত মোড়, ভালোবাসা, ক্ষোভ, শোক এবং ক্ষমতার মিশ্রণ ফুটে ওঠে। পাঠক ধীরে ধীরে আবিষ্কার করে– কখন কিছুই ঠিক যেমন দেখা যায় না, সম্পর্ক ও অনুভূতির জটিলতায় লুকিয়ে থাকে অজানা সত্য।
একটি জগৎ, যেখানে সময় আর বাস্তবতার সীমা নেই। একটি স্থান, যেখানে ভালোবাসা শৃঙ্খলিত, তবে মুক্ত। যুবক আদিল প্রবেশ করে এক অদেখা জগতে, যেখানে প্রতিটি পদক্ষেপে তাকে সতর্কতা, রহস্য আর অদ্ভুত আনন্দের সম্মিলন অপেক্ষা করছে।
বইটি সম্পর্কে লেখক নির্জন বলেন, ‘পরিতমা এক রহস্যময় রূপ, প্রেমের নির্দেশক, শাসক ও পরীক্ষক– তার প্রতি নজর রাখছে। একদিকে সৌন্দর্য, আলো, ঝরনা, সাগর আর মিলনমেলার আনন্দ। অন্যদিকে নিষিদ্ধ এলাকা, অগ্নি পাহাড় আর কারাগারের রহস্য। বইটি এখানে প্রতিটি মুহূর্তই খেলা, প্রতিটি পদক্ষেপই পরীক্ষা।’
বইটি সম্পর্কে সৃজন সম্পাদক ও লেখক আহমেদ বাসার বলেন, ‘ভালোবাসা কি সত্যিই মুক্ত হতে পারে, নাকি সে নিজেই বন্দিত্বে হারিয়ে যাবে? আদিলের চোখে অদেখা জগতের রহস্য উন্মোচিত হবে—কিন্তু সে কি সব বাঁচাতে পারবে, নাকি ভয় ও কৌতূহলের ছায়ায় হারিয়ে যাবে? নানা রহস্য আর কৌতূহলে সাজানো হয়েছে।
বইটি অমর একুশে বইমেলায় সৃজনের ২৭৩ নম্বর স্টলে পাওয়া যাবে। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। বইটির বিনিময় মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
ফরিদুল ইসলাম নির্জনের জন্ম ১০ অক্টোবর ১৯৮৭, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি সরকারি বাঙ্লা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে আইসিএমএবি-তে সিএমএ কোর্সে অধ্যয়নরত। শৈশব থেকেই পড়াশোনার প্রতি ছিল তুমুল আগ্রহ; সেই আগ্রহ থেকেই তাঁর লেখালেখির জগতে প্রবেশ।
জাতীয় দৈনিকের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন অনলাইন মাধ্যমে তিনি নিয়মিত লিখে চলেছেন। লেখালেখির হাতেখড়ি কবিতার মাধ্যমে হলেও বর্তমানে তিনি মূলত কথাসাহিত্য ও নাট্যরচনায় ব্যস্ত সময় পার করছেন। সমকালের পাঠক সংগঠন ‘সমকাল সুহৃদ সমাবেশ’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
লেখকের প্রকাশিত অন্য গ্রন্থগুলো হলো– স্কুল মাঠে ভূতের মেলা (গল্পগ্রন্থ), প্রেমের নাম হাসপাতাল (রম্যগল্প), সে শুধু আড়ালে থাকে (গল্প), আজো খুঁজি তারে, আশ্রয়, আপনজন, জীবনবিলাস, আগুনজনম, পরিতমা (উপন্যাস), নাট্যরচনা– সুইট প্রেমিক, কাজের মেয়ে অরিন, প্রবাসীর আমানত, নিজের ফাঁদে নিজে বন্দি, প্রবাসীর অশ্রু, ভাইরাল মতিন।
এ ছাড়া তিনি লেখক ও সংগঠক হিসেবে নানা পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
- বিষয় :
- রহস্য
- উপন্যাস
- সুহৃদ সমাবেশ
- লেখক
