ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাক্ষাৎকার

ক্রেডিট কার্ড ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল থাকা গুরুত্বপূর্ণ

ক্রেডিট কার্ড ব্যবহারে সচেতন  ও দায়িত্বশীল থাকা গুরুত্বপূর্ণ
×

মো. মনজুর মফিজ এমডি (চলতি দায়িত্ব), প্রিমিয়ার ব্যাংক

মো. মনজুর মফিজ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৭:৪৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১২:৫৪

| প্রিন্ট সংস্করণ

বিশ্বের এক হাজার ৬০০টির বেশি এয়ারপোর্ট লাউঞ্জে ব্যবহার করা যায় প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড। ব্যাংকটির কার্ড সেবা এবং একই সঙ্গে ইন্ডাস্ট্রি সম্পর্কে সমকালের প্রশ্নের উত্তরে বিস্তারিত জানিয়েছেন প্রিমিয়ার ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ

সমকাল: প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড সেবার শুরুটা জানতে চাই 

মনজুর মফিজ: প্রিমিয়ার ব্যাংক ২০০৪ সাল থেকে ক্রেডিট কার্ড সেবা চালু করে। সময়ের সঙ্গে সঙ্গে কার্ড পোর্টফোলিও সম্প্রসারিত হয় এবং প্রযুক্তিনির্ভর নিরাপদ লেনদেন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও শক্তিশালী মার্চেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সেবার মান উন্নত হয়। বর্তমানে ভিসা ও মাস্টারকার্ডের প্লাটিনাম, গোল্ড, ক্ল্যাসিক, প্রিমিয়াম মাস্টারকার্ড ওয়ার্ল্ড এবং ভিসা সিগনেচারসহ বিভিন্ন ধরনের কার্ড চালু রয়েছে।

সমকাল : দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা কেমন? গত ৫ বছরে ক্রেডিট কার্ড ব্যবহার কেমন বেড়েছে?

মনজুর মফিজ: দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে ক্রমবর্ধমানশীল। বিশেষ করে কভিড-পরবর্তী ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়ায় ক্রেডিট কার্ড ব্যবহারের হার দ্রুত বেড়েছে। অনলাইন শপিং, ই-কমার্স, ফুড ডেলিভারি এবং ভ্রমণসহ বিভিন্ন খাতে কার্ডভিত্তিক লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ক্রেডিট কার্ডের সংখ্যা এবং লেনদেনের পরিমাণ দুটিই কয়েক বছরে বহুগুণ বেড়েছে। 
পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে দেশে প্রায় এক কোটি ৯০ হাজার ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। ২০২৩ সালে যা বেড়ে  প্রায় দুই কোটি ৭০ লাখে পৌঁছায়। ২০২৫ সালে তা প্রায় তিন কোটিতে দাঁড়িয়েছে। নগদ লেনদেনের পরিবর্তে মানুষ ক্রমেই ডিজিটাল ও কার্ডভিত্তিক লেনদেনের দিকে ঝুঁকছে, যা দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক।

সমকাল : কোন শ্রেণি-পেশার মানুষ সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করছে? যারা পিছিয়ে তাদের কীভাবে অন্তর্ভুক্ত করা যায়?  

মনজুর মফিজ: করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারি চাকরিজীবী, উদ্যোক্তা ও প্রবাসীদের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহারের হার সবচেয়ে বেশি। এ ছাড়া শহরভিত্তিক তরুণ পেশাজীবী এবং অনলাইন শপিংনির্ভর গ্রাহকরাও ক্রেডিট কার্ডের সক্রিয় ব্যবহারকারী। অন্যদিকে গ্রামাঞ্চলের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহারের হার তুলনামূলকভাবে কম। তাদের অন্তর্ভুক্ত করতে সহজশর্তে ও স্বল্প লিমিটের ক্রেডিট কার্ড সুবিধা চালু করা, আর্থিক সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা প্রদান এবং মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ করা প্রয়োজন। 
সমকাল : কোন বৈশিষ্ট্যের দিক থেকে আপনাদের কার্ড অন্যান্য প্রতিষ্ঠানের কার্ডের তুলনায় স্বতন্ত্র বলে মনে করেন?  

মনজুর মফিজ: প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ডে এমন কিছু সুযোগ-সুবিধা রয়েছে, যা একে অন্যান্য ব্যাংকের কার্ড থেকে স্বতন্ত্র করেছে। বিশ্বের এক হাজার ৬০০টির বেশি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেসের সুবিধা গ্রাহকদের আন্তর্জাতিক ভ্রমণকে করেছে আরও আরামদায়ক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে বিশেষ সুবিধা যুক্ত রয়েছে এই সেবায়। পাশাপাশি পাঁচতারকা হোটেল ও বিভিন্ন রেস্টুরেন্টে বাই-ওয়ান-গেট-ওয়ান অফার, গিফট ভাউচার এবং বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্ক গ্রাহকদের দৈনন্দিন জীবনকে দিয়েছে বাড়তি সুবিধা। কার্ডহোল্ডারদের জন্য ইন্স্যুরেন্স সুবিধা, শূন্য শতাংশে ইএমআই, ইএমভি চিপ, ওটিপি যাচাইকরণ এবং রিয়েল-টাইম ট্রানজেকশন অ্যালার্টসহ বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকের লেনদেনকে করেছে আরও নির্ভরযোগ্য। এ ছাড়া গ্রাহকসেবায় দ্রুততা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে রয়েছে ২৪/৭ কল সেন্টার সাপোর্ট, দ্রুত কার্ড ইস্যু এবং লিমিট প্রসেসিং সুবিধা। সব মিলিয়ে প্রিমিয়ার ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য নিরাপদ, সুবিধাজনক ও সাশ্রয়ী একটি সেবা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 

সমকাল : ক্রেডিট কার্ড ব্যবহারের প্রধান সুবিধা কী কী? নতুন গ্রাহকদের জন্য আপনার পরামর্শ কী?  

মনজুর মফিজ: ক্রেডিট কার্ড ব্যবহারের প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্যাশলেস ও নিরাপদ লেনদেনের সুযোগ, জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক অর্থব্যবস্থার সুবিধা, শূন্য শতাংশ ইএমআই সুবিধায় কেনাকাটার সুযোগ, বিভিন্ন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পেমেন্ট মাধ্যম হিসেবে ব্যবহারযোগ্যতা। পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয়ের হিসাব সহজে ট্র্যাক করা যায়, যা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করে। 
নতুন গ্রাহকদের জন্য পরামর্শ হলো, আয়ের সঙ্গে সংগতি রেখে ক্রেডিট কার্ড ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল থাকা গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করলে অতিরিক্ত সুদ বা জরিমানা এড়ানো যায় এবং একটি ভালো ‘ক্রেডিট হিস্ট্রি’ গড়ে ওঠে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী কার্ড ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় ঋণগ্রহণ থেকে বিরত থাকা উচিত। যাতে ক্রেডিট কার্ড একটি সুবিধাজনক ও কার্যকর আর্থিক সহায়তা হিসেবে কাজ করে।

সমকাল : রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের বিশেষ অফার কী কী?  

মনজুর মফিজ: রমজান ও ঈদ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংক গ্রাহকদের জন্য এনেছে ক্যাশব্যাক অফার, পাঁচ তারকা হোটেলে ‘বাই ওয়ান গেট থ্রি’  ইফতার ও সাহ্‌রি বুফে, নির্বাচিত লাইফস্টাইল, ফ্যাশন ও জুয়েলারি ব্র্যান্ডে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সুদবিহীন ইএমআই সুবিধা।

সমকাল : কার্ড ব্যবহার আরও জনপ্রিয় করতে আপনাদের উদ্যোগগুলো কী কী?  ক্যাশলেস অর্থনীতি গড়তে ক্রেডিট কার্ড কতটা গুরুত্বপূর্ণ?  

মনজুর মফিজ: উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সারাদেশে মার্চেন্ট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, নিয়মিত ক্যাম্পেইন ও অফার, ডিজিটাল সিকিউরিটি সচেতনতা কর্মসূচি, সহজ আবেদন প্রক্রিয়া এবং কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধা। ক্রেডিট কার্ড লেনদেনকে স্বচ্ছ ও ট্র্যাকযোগ্য করে নগদ অর্থ পরিবহন ও ব্যবস্থাপনার ঝুঁকি কমায় এবং ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে। সব মিলিয়ে এটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

সমকাল : ভবিষ্যতে ক্রেডিট কার্ড খাতে কী ধরনের পরিবর্তন আসতে পারে বা সেবা যুক্ত হতে পারে?  

মনজুর মফিজ: আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে ভার্চুয়াল ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট ইন্টিগ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্রড ডিটেকশন এবং গ্রিন ও সাসটেইনেবল কার্ড ইত্যাদি সুবিধা আসতে পারে। সরকার গ্রামাঞ্চলে অবকাঠামো ও ইন্টারনেট সংযোগ উন্নয়ন, ছোট ব্যবসায়ীদের জন্য কর প্রণোদনা, জাতীয় পর্যায়ে আর্থিক সচেতনতা কর্মসূচি, সরকারি সেবায় বাধ্যতামূলক ডিজিটাল পেমেন্ট অপশন এবং সাইবার নিরাপত্তা আইন ও মনিটরিং জোরদার করতে পারে।

আরও পড়ুন

×