দেশের অবকাঠামোগত উন্নয়নে দক্ষ প্রকৌশলী তৈরি করছে এফআইইউ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ দ্রুত নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এগোচ্ছে। পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলসহ দেশের বিভিন্ন মেগা প্রকল্প, সড়ক-মহাসড়ক, সেতু, ভবন নির্মাণ, পানি ব্যবস্থাপনা, নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের বিস্তারের সঙ্গে সঙ্গে দক্ষ ও যোগ্য সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের চাহিদাও বাড়ছে। এই বাস্তবতা সামনে রেখে ২০১৪ সাল থেকে মানসম্মত প্রকৌশল শিক্ষা দেওয়ার মাধ্যমে দক্ষ ও যোগ্য প্রকৌশলী তৈরিতে কাজ করছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
আমাদের মূল লক্ষ্য শুধু একাডেমিক ডিগ্রির মধ্যে অর্জনকে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের আধুনিক প্রকৌশল জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, গবেষণার সক্ষমতা এবং বাস্তব সমস্যা সমাধানের যোগ্যতায় সমৃদ্ধ করে তোলা। একজন প্রকৌশলীকে কর্মক্ষেত্রে সফল হতে হলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তির ব্যবহার, বিশ্লেষণী ক্ষমতা এবং পেশাগত দায়িত্ববোধ থাকা প্রয়োজন। তাই আমাদের শিক্ষাব্যবস্থায় এসব বিষয়ের সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
যোগ্য ও দক্ষ শিক্ষকমণ্ডলী
আমাদের বিভাগের অন্যতম প্রধান শক্তি হলো যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী। বিভাগের অধিকাংশ শিক্ষক দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং তারা নিজ নিজ ক্ষেত্রে উচ্চতর একাডেমিক যোগ্যতা, ভালো একাডেমিক ফলাফল, গবেষণার অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতায় সমৃদ্ধ। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নন; তারা শিক্ষার্থীদের গবেষণা, ব্যবহারিক শিক্ষা, একাডেমিক উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায়ও নিয়মিত দিকনির্দেশনা দিয়ে থাকেন।
আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর দক্ষতা বিকাশের ক্ষেত্রে শিক্ষকের একাডেমিক যোগ্যতা ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এফআইইউ-এর সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে উচ্চশিক্ষিত, অত্যন্ত যোগ্য ও মেধাবী শিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত প্রকৌশল শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আধুনিক ও পূর্ণাঙ্গ ল্যাবরেটরি সুবিধা
একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার তৈরির জন্য আধুনিক ল্যাবরেটরি ও ব্যবহারিক শিক্ষার সুযোগ অপরিহার্য। এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিইই বিভাগে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে।
আমাদের ল্যাবরেটরিগুলো আধুনিকায়নের মাধ্যমে বিভাগটি বর্তমানে ল্যাবরেটরি সুবিধার দিক থেকে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। অনেক বড় বিশ্ববিদ্যালয়েও যে ধরনের বিশেষায়িত ল্যাবরেটরি সুবিধা সীমিত, আমরা সেসব সুবিধা নিজেদের বিভাগে গড়ে তোলার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও এসব ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গবেষণায় বিশেষ গুরুত্ব
শিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও আমাদের বিভাগ এগিয়ে যাচ্ছে। আধুনিক ল্যাবরেটরি সুবিধা বিদ্যমান থাকায় তৈরি হওয়ায় শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের প্রজেক্ট/থিসিস ও বিভিন্ন গবেষণামূলক কাজে বাস্তব পরীক্ষণ ও তথ্য সংগ্রহের সুযোগ বেড়েছে।
বর্তমান সময়ে টেকসই নির্মাণ, পুনর্ব্যবহৃত নির্মাণসামগ্রী, কংক্রিট প্রযুক্তি, পরিবহন প্রকৌশল, মৃত্তিকা প্রকৌশল, পরিবেশ প্রকৌশল, পানিসম্পদ এবং অন্যান্য আধুনিক প্রকৌশল বিষয়ে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা এসব ক্ষেত্রের বিভিন্ন গবেষণামূলক কাজে সম্পৃক্ত হচ্ছেন। আমরা চাই, আমাদের বিভাগ শুধু পাঠদানকেন্দ্রিক না হয়ে একটি শক্তিশালী গবেষণাকেন্দ্র হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করুক।
তত্ত্বের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা
একজন দক্ষ প্রকৌশলী তৈরির জন্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়। প্রয়োজন ব্যবহারিক জ্ঞান, প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং বাস্তব সমস্যার সমাধানের সক্ষমতা। এই বিষয়টি বিবেচনায় রেখে আমাদের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও বাস্তবভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দেশীয় বড় প্রকল্প ও প্রতিষ্ঠানে এফআইইউর শিক্ষার্থীরা
সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং একটি বিশদ ও বহুমুখী কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত। নির্মাণ ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন প্রকল্প, কনসালট্যান্সি প্রতিষ্ঠান, সড়ক ও সেতু নির্মাণ, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ রয়েছে।
- বিষয় :
- প্রকৌশলী