এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেল ৩৯ উদ্যোগ
মঙ্গলবার রাজধানীর একটি হােটেলে বাংলাদেশ সাসটেইনেবল সামিটে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:২৬
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৯টি উদ্যোগ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে।
গত মঙ্গলবার রাতে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে বাংলাদেশ সাসটেইনেবল সামিট শেষে এ পুরস্কার দেওয়া হয়। এতে বিভিন্ন ব্র্যান্ডের ১৬টি উদ্যোগ বিজয়ী হয়। এছাড়া ২৩টি উদ্যোগ ‘অনারেবল মেনশন’ সম্মাননা পায়।
আকিজ-বশির গ্রুপের সৌজন্যে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত এ সম্মাননার মূল লক্ষ্য টেকসই উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘এ সম্মাননা কেবল অর্জনের স্বীকৃতি নয়, বরং সহযোগিতা ও প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ। এসডিজি অর্জনে সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে।’
বিভিন্ন টেকসই উদ্যোগের জন্য গ্রামীণফোন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার বাংলাদেশ, বিকাশ, ব্র্যাক-আড়ং, জিপিএইচ ইস্পাত, প্রাণ-আরএফএল, ইডটকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সসহ কয়েকটি প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে। ‘অনারেবল মেনশন’ সম্মাননা পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে–কোকা-কোলা বাংলাদেশ, অ্যাপেক্স ফুটওয়্যার, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম, বসুন্ধরা পেপার, মিউচুয়াল ট্র্যাষ্ট ব্যাংক, ইপিলিয়ন গ্রুপ ইত্যাদি।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, দ্বিতীয় সংস্করণের ঘোষণার পর এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৪ ব্যাপক সাড়া পায়। এ বছর ৪৫০ জনেরও অধিক অতিথির উপস্থিতিতে আয়োজনটি অনুষ্ঠিত হয়। মোট ৯ ক্যাটেগরিতে সম্মাননা দেওয়া হয়। গত ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত চলমান রেজিস্ট্রেশন সময়কালে মোট ৩৫৭টি মনোনয়ন জমা পড়ে, যেখান থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা ও এমডি শরিফুল ইসলাম। সম্মেলন শুরু হয় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আখতারের মূল প্রবন্ধ উপস্থাপনের সেশনের মাধ্যমে। তিনি বাংলাদেশের ব্যবসায় টেকসই অবস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মত দেন। এরপর আকিজ-বশির গ্রুপের চেয়ারম্যান বশিরউদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির টেকসই চর্চা নিয়ে একটি কেসস্টাডি উপস্থাপন করেন। সাসটেইনেবিলিটি সামিট ও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড আয়োজনে সহযোগিতায় ছিল ইনটেলিয়ার, ডেইলি স্টার, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
