হ্যান্ডবল স্টেডিয়ামে দুই কোচের আইফোন চুরি
হ্যান্ডবল দলের প্রধান কোচ স্প্যানিশ নাগরিক আনা আলোনসো ফ্রাগুয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৯:১২
আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট শুরুর আগেই রাজধানীর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে চুরির ঘটনা ঘটেছে। অনুশীলনের সময় জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রধান কোচ স্প্যানিশ নাগরিক আনা আলোনসো ফ্রাগুয়া ও স্থানীয় কোচ ডালিয়া আক্তারের দুটি আইফোন চুরি হয়েছে। এর মধ্যে আনা আলোনসোর একটি ক্রেডিট কার্ডও খোয়া গেছে।
শনিবার দুপুরে জাতীয় দলের অনুশীলন চলাকালে কোর্টের পাশের একটি টেবিলে ফোন দুটি রাখা ছিল। দুপুর পৌনে ৩টার দিকে নিজের ফোন খুঁজে না পেয়ে বিষয়টি প্রথম বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে রাখা বিদেশি কোচ আনা আলোনসোর ফোনটিও নেই। ডালিয়ার ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের।
ঘটনার পর চুরি হওয়া সামগ্রী উদ্ধারে তৎপর হয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। মোবাইল ও খোয়া যাওয়া অন্য জিনিসগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’
রোববার থেকে একই স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ দিনের আন্তর্জাতিক নারী হ্যান্ডবল প্রতিযোগিতা ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। ১৮ থেকে ২২ অক্টোবরের এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে মূল ভেন্যুতে এমন ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূচি অনুযায়ী, রোববার বেলা ২টায় নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ভারতের মুখোমুখি হবে স্বাগতিকেরা। ২০ অক্টোবর একই সময়ে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। এরপর ২১ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- হ্যান্ডবল
- চুরি
- আইফোন
- ক্রেডিট কার্ড