রেফারির কক্ষে পিএসজি সভাপতির হইচই-ভাঙচুর
ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ২২:১৬ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ২২:১৬
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ৩-১ গোলে হেরেছে পিএসজি। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। দুই লেগ মিলিয়ে দলকে ৩-২ গোলের জয় এনে দিয়েছেন। দলকে তুলে নিয়েছেন ইউরোপ সেরার লড়াইয়ের কোয়ার্টার ফাইনালে।
বুধবার রাতের ওই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি ও কোচ মাউরিসিও পচেত্তিনো। তাদের দাবি, পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমাকে ফাউল করে প্রথম গোল করেছেন করিম বেনজেমা।
ওই ঘটনায় ম্যাচ শেষে রেফারির কক্ষের সামনে গিয়ে শোরগোল করেছেন পিএসজির কাতারি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। এছাড়া অ্যাসিস্ট্যান্ট রেফারির এক উপকরণও ভেঙেছেন। ম্যাচ রেফারিরা এমনই রিপোর্ট দিয়েছেন।
রেফারির রিপোর্ট অনুযায়ী, বাধা উপেক্ষা করে আল খেলাইফি তাদের কক্ষের মুখে চলে আসেন। খুবই আক্রমণাত্মক ব্যবহার শুরু করেন। একজন রেফারি তাকে চলে যাওয়ার অনুরোধ করলে তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং অ্যাসিস্ট্যান্ট রেফারির একটি উপকরণে আঘাত করে ভেঙে দেন।
মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, রেফারির কক্ষের সামনে পিএসজি সভাপতির ওই অশোভন আচরণের ভিডিও ধারণ করেছেন রিয়াল মাদ্রিদের একজন কর্মী। ওই ভিডিও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে পাঠানো হবে এবং শাস্তির দাবি করা হবে উল্লেখ করা হয়েছে।