শাস্তির মুখে পিএসজি সভাপতি ও কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ১০:৩৮ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ১০:৩৮
বুধবার রাতে সেরা ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের পর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এছাড়া রেফারি ও ভিএআর নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। দুজনের এমন কাণ্ড নজর এড়ায়নি উয়েফার। তাই পিএসজি সভাপতি এ কোচ দুজনেই এখন উয়েফার কাঠগড়ায়।
হ্যাটট্রিকম্যান করিম বেনজেমার করা প্রথম গোলটি রেফারির ভুল সিদ্ধান্তে এসেছে, এমন অভিযোগ তুলে উত্তেজিত হয়ে পড়েন খেলাইফি। ম্যাচ শেষ হতেই তিনি চড়াও হলেন স্টেডিয়ামে রেফারিদের ঘরে। খেলাইফির দাবি, প্রথম গোলটির ঠিক আগে বেনজেমা তার দলের গোলরক্ষককে ফাউল করেন। রেফারি দেখেও খেলা থামাননি। ফলে সহজেই গোল করেন রিয়াল স্ট্রাইকার। এই গোলই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। না হলে, তার দল প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিত। শোরগোল চলাকালে অ্যাসিস্ট্যান্ট রেফারির এক উপকরণও ভেঙেছেন। ম্যাচ রেফারিরা এমনই রিপোর্ট দিয়েছেন।
রেফারির কক্ষের সামনে পিএসজি সভাপতির ওই অশোভন আচরণের ভিডিও ধারণ করেছেন রিয়াল মাদ্রিদের একজন কর্মী। উয়েফা রিয়াল মাদ্রিদকে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলেছে। রেকর্ড করা ফুটেজ পাঠানো হয়েছে উয়েফার কাছে। খুব দ্রুতই খেলাইফির ব্যাপারে সিদ্ধান্ত জানাবে উয়েফা।
এছাড়াও রেফারি ও ভিএআর নিয়ে প্রশ্ন তুলেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। তিনি বলেন, 'আমাদের সাথে এটা অবিচার করা হয়েছে। বেনজেমা যেভাবে দোনারুম্মার থেকে বল নিয়েছে এটা নিশ্চিত ফাউল। খেলার ছোট বিষয়গুলো নজরে আনা উচিত ছিল। রেফারি ভিএআরে দেখে সিদ্ধান্ত নিতে পারতো। ওই সিদ্ধান্ত আমাদের মনোবল ভেঙ্গে দিয়েছে। বিষয়টা আমরা মেনে নিতে পারিনি। এর আগে পর্যন্ত আমরা এগিয়েছিলাম। কিন্তু এমন সিদ্ধান্ত আমাদের পিছিয়ে দিয়েছে।'
রেফারিং এবং ভিআর নিয়ে এমন মন্তব্য করার বিষয়টি নজরে এনেছে উয়েফা। আর্জেন্টাইন কোচ এজন্য আসতে পারেন শাস্তির আওতায়।
২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বাদ পড়ার পর রেফারির সমালোচনা করেছিলেন নেইমার। তখন পিএসজি ফরোয়ার্ডকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা। এবার ক্লাবটির কোচের কি শাস্তি হয় সেটাই দেখার।