ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নিউজিল্যান্ডে শেষ ম্যাচে বড় জয় যুবাদের

নিউজিল্যান্ডে শেষ ম্যাচে বড় জয় যুবাদের
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০২:২৯

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ইনিংস। অন্য ওপেনার পারভেজ ইমনের সতর্ক শুরু। পরে শাহাদাত হোসেন এবং অভিষেক দাস ভালো রান পান। তাদের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৩১৬ রানের বড় সংগ্রহ পায় টাইগার যুবরা। পরে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের তোপে ৭৩ রানের বড় ব্যবধানে হারে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ যুবারা ৪-১ ব্যবধানে নিশ্চিত করে সিরিজ।

শুরুতে ব্যাট করতে নামা তানজিদ তামিম ৫৯ বলে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলেন। এ নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে চারটিতে ফিফটি পেলেন তিনি। তবে সেঞ্চুরির পথে নিয়ে যেতে পারেননি ইনিংসগুলো। তার সঙ্গে থাকা অন্য ওপেনার পারভেজ হোসাইন ইমন খেলেন ৪৪ রানের ইনিংস। টাইগার যুবারা পায় ১২০ রানের ওপেনিং জুটি। পরে শাহাদাত এবং অভিষেক দাস ৪৮ করে রান করেন। বাংলাদেশ পেয়ে যায় বড় সংগ্রহ।

জবাব দিতে নামা নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৪৩.৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয়। কিউই যুবাদের হয়ে লিলম্যান ৫৬ রান করেন। তাসকফ ৩৯, ম্যাকেঞ্জি ৪৭ এবং সানডে করেন ২৬ রান। কিউই যুবাদের ধসিয়ে দেন শরিফুল ইসলাম একাই। পঞ্চগড়ের এই ১৮ বছরের তরুণ ৮.৪ ওভারে ৪৩ রান খরচায় নেন ৫ উইকেট। তিনি প্রথমে তুলে নেন দুই ওপেনারকে। টপ অর্ডারের চার ব্যাটসম্যানের তিনটিই তার ঝুলিতে যায়। দলের হয়ে রাকিবুল নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন তানজিম সাকিব, অভিষেক দাস এবং শামিম হোসেন।

আরও পড়ুন

×