ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রামোসের লক্ষ্য এবার বুফন

রামোসের লক্ষ্য এবার বুফন
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০৩:২৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ | ০৪:১৯

স্পেনের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন সের্গিও রামোস। স্পেন জাতীয় দলের হয়ে ইকার ক্যাসিয়াসের ১৬৭ ম্যাচ খেলার রেকর্ড ভেঙে ১৬৮ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের এই সেন্ট্রাল ডিফেন্ডার। ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ১৮৪ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড মিসরের আহমেদ হাসানের। তার ওই রেকর্ড ভাঙতে রামেসের এখনও ঢের সময় লাগবে। তবে বড় নামের মধ্যে ইতালির গোলরক্ষক বুফন ১৭৬ ম্যাচ নিয়ে আছেন তার সামনে। রামোস এবার ছুটবেন তাকে লক্ষ্য ধরে।

ফুটবলে জাতীয় দলের হয়ে একশ' ম্যাচ খেলা সহজ কথা নয়। ব্রাজিলের মাত্র সপ্তম ফুটবলার হিসেবে একশ' আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন নেইমার। তবে স্পেনের একটা প্রজন্ম শত ম্যাচ খেলার রেকর্ড গড়ে গেছে। স্পেনকে ওই দলের অনেকেই বিশ্বকাপ, ইউরো জয়ের সাক্ষী। স্পেনের হয়ে রামোস-ক্যাসিয়াস ছাড়াও জাভি হার্ন্দাদেজ ১৩৩, আন্দ্রেস ইনিয়েস্তা ১৩১, আন্দেনি জুবিজারেটা ১২৬, ডেভিড সিলভা ১২৪, সার্জিও বুসকেটস ১১৫, জাভি আলোনসো ১১৪, ফার্ন্দাদো তোরেস ও সেফ ফ্যাব্রিগ্যাস ১১০, রাউল গঞ্জালেস ১০২ এবং কার্লোস পুয়োল ১০০ ম্যাচ খেলেছেন।

ফিফা র‌্যাংকিংয়ে উপরের দিকে থাকা দলগুলোর মধ্যে জার্মানির হয়ে সর্বোচ্চ ১৫৫ ম্যাচ খেলেছেন লোথার ম্যাথিউস। হালের টনি ক্রুস (৯৪) ও ম্যানুয়েল ন্যয়ার (৯০) হাঁটছেন শতকের দিকে। ব্রাজিলের হয়ে কাফু সর্বোচ্চ ১৪২ ম্যাচ খেলেছেন। বিশ্ব ফুটবলে চলছে ক্রিস্টিয়ানো রোনালদো যুগ। তিনিও ছুটছেন রামোসের সঙ্গে পাল্লা দিয়ে। ম্যাচ খেলেছেন ১৬১। আন্তর্জাতিক গোল ৯৪টি। ক্যারিয়ার গোল সাতশ' (মতান্তরে ৬৯৯)। সামনে রোনালদোর জন্যও অপেক্ষা করছে আরও কিছু বিশ্ব রেকর্ড।

ইংল্যান্ডের হয়ে আশি ও নব্বইয়ের দশকে দেশটির নাম্বার ওয়ান গোলরক্ষক পিটার শিলটন খেলেছেন ১২৫ ম্যাচ। ইতালির বুফনের কথা আগেই বলেছি। ফ্রান্সের হয়ে লিলিয়ান থুরাম খেলেছেন ১৪২ ম্যাচ। থিয়েরি অঁরি ১২৩ ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনার হয়ে মেসি ১৩৬ ম্যাচ খেলেছেন। তার উপরে আছেন হাভিয়ের জেনেত্তি (১৪৫ ম্যাচ), হাভিয়ের মাশ্চেরানো (১৪৭ ম্যাচ)। সাতজন উরুগুয়ে ফুটবলার একশ' ছুঁয়েছেন। ডিয়াগো গডিন ১৩৩ ম্যাচ খেলে সবার উপরে। ডাচদের হয়ে ওয়েলস স্নাইডার খেলেছেন ১৩৪ ম্যাচ। বেলজিয়ামের জ্যান ভারটগহেন ১১৭ ম্যাচ খেলেছেন। ১০৩ ম্যাচ খেলা হ্যাজার্ড ছুঁটছেন তার পেছনে।

আরও পড়ুন

×