লঙ্কানদের দুঃসময়ে সমাধান চাইছেন মাহেলা-সাঙ্গা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২ | ২৩:৫৪ | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ | ২৩:৫৪
বিদ্যুৎহীনতা, তীব্র জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা। দেশের এই দুর্দিনে মুখ খুলেছেন দুই লঙ্কান ক্রিকেট কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। সরকারকে দায়ী করে এই সংকটের সমাধান চাইছেন তারা।
জয়াবর্ধনে-সাঙ্গাকারা দুজনই আছেন ভারতে। সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) -এর দুই দলের কোচ তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্বে জয়াবর্ধনে। সাঙ্গাকারা আছেন রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে।
তবে জাকজমকপূর্ণ আসরে সময় কাটলেও, তাদের মন পুড়ছে দেশের অসহায় জনগণের জন্য। জনগণের আন্দোলনে সরাসরি যোগ দিতে না পারলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকছেন তাদের পাশেই।
শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক অধিনায়ক সাঙ্গাকারা তার ইনস্টাগ্রামে লিখেছেন, 'শ্রীলঙ্কানদের অকল্পনীয় কঠিন এক সময় যাচ্ছে। একটা দিন কাটাতে লোকদের দুর্দশা ও ভোগান্তি দেখাটা হৃদয়বিদারক, দিনগুলো কঠিন হয়ে উঠছে। জনগণ সরব হচ্ছে, সমাধান চাইছে। কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এসবে, কেউ আবার এখান থেকে সুযোগ নিতে চাইছেন। সঠিক কাজটা হবে তাদের কথা শোনা, ব্যক্তিগত ও রাজনৈতিক ধ্বংসাত্মক চিন্তাভাবনা সরিয়ে শ্রীলঙ্কার স্বার্থে কাজ করা। জনগণ শত্রু নয়। জনগণই শ্রীলঙ্কা। সময় দ্রুত বয়ে যাচ্ছে। জনগণ ও তাদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে অবশ্যই।'
জয়াবর্ধনে তার টুইটারে এই সংকটে প্রতিবাদকারীদের আটকের নিন্দাও জানিয়েছেন, 'শ্রীলঙ্কায় জরুরী অবস্থা ও কারফিউ দেখে মন খারাপ লাগছে। সরকার জনগণের অধিকার উপেক্ষা করতে পারে না। মানুষের প্রতিবাদ করার সব রকম অধিকার আছে। যারা প্রতিবাদ করছে, তাদের আটক করা একদম উচিত হয়নি।'
এরপর ক্ষমতাসীন নেতাদের সমালোচনা করে তিনি লেখেন, 'প্রকৃত নেতারা নিজেদের ভুল মেনে নেয়। দেশের মানুষকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে, দুর্দশায় পাশে থাকতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিতে একটা ভাল রাজনৈতিক দল দরকার। এখন বিনীত হওয়ার সময়, ঠিক কাজ করার সময়, অজুহাত গ্রহণযোগ্য নয়।'
এদিকে কলম্বোয় বিক্ষোভকারীদের সঙ্গে দেখা গেছে সাঙ্গাকারার স্ত্রী ইয়াহেলিকে। সংসদের ২২৫ সদস্যকে বর্তমান পরিস্থিতির জন্য দুষেছেন তিনি, 'তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন তারা, এ কারণেই এসেছি এখানে। এর পেছনে ২২৫ জন মানুষের দায় আছে।'