বেনফিকাকে উড়িয়ে সেমির পথে লিভারপুল
ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ১৫:২১ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ১৫:২১
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেবারিট দল লিভারপুল। কোয়ার্টার ফাইনালে আবার তারা পেয়েছে সহজ প্রতিপক্ষ। সুযোগটা মঙ্গলবার রাতের ম্যাচে ভালো মতো কাজে লাগিয়েছে অলরেডস খ্যাত লিভারপুল। শেষ আটের প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে তুলে নিয়েছে ৩-১ গোলের জয়।
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে গোলের সুবিধা নেই। ওই সুবিধা থাকলে নিশ্চিত করেই বলা যেত সেমিফাইনালে চলে গেছে জার্গেন ক্লপের দল। তবে অ্যাওয়ে ম্যাচে বড় জয় তুলে নেওয়া অল রেডসদের সেমিতে পা রাখার খুব একটা বাকিও নেই।
স্টাডিও দো স্পোর্টস লিসবয়া বেনফিকায় ম্যাচের শুরুতেই লিড নেয় লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের বল ধরে ১৭ মিনিটে গোল করেন ইব্রাহিম কোনাতে। এরপর ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন সাদিও মানে। তাকে দিয়ে গোল করার কলম্বিয়ার তরুণ তারকা লুইস দিয়াজ।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় পর্তুগালের ক্লাব বেনফিকা। ম্যাচের ৪৯ মিনিটে গোল করেন উরুগুয়ের তরুণ প্রতিভাবান স্ট্রাইকার ডারউইন নুনেজ। কিন্তু তাদের ওই স্বস্তি ম্যাচের ৮৭ মিনিটে নেভি কেইটার বল ধরে গোল করে কেড়ে নেন শীতকালীন দলবদলের মৌসুমে অ্যানফিল্ডে আসা লুইস দিয়াজ।
