ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাশরাফিও বললেন, বাংলাদেশ স্পিন ভালো খেলে না

মাশরাফিও বললেন, বাংলাদেশ স্পিন ভালো খেলে না
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২ | ১০:৪৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ১০:৪৬

দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টেই স্বাগতিকদের স্পিন বিষে নীল হয়েছে বাংলাদেশ। স্পিনারদের বিপক্ষে নাকাল হওয়ার পর মুমিনুল হক জানিয়েছিলেন, বাংলাদেশ কখনো স্পিন ভালো খেলে না। এবার তার এই কথার সুরে একই কথা বললেন দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ডিপিএলে আজ মাশরাফি-সাকিবদের মুখোমুখি হয়েছিলেন তামিম ইকবাল। ম্যাচ শেষে মাশরাফি সাংবাদিকদের বলেন, '(স্পিন দুর্বলতা) সব সময়ই ছিল। আমরা কখনো স্পিন ভালো খেলতাম না।'

যুক্তি হিসেবে মাশরাফি টেনে আনলেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের কথা, 'আমাদের ঘরোয়া ক্রিকেট দেখেন, প্রথম শ্রেণি ক্রিকেট দেখেন, স্পিনাররা ৭/৮টা ইভেন অনিয়মিত স্পিনাররাও ৫/৬টা করে উইকেট পায়। আপনি যদি জাতীয় লিগ দেখেন, এই লিগে খেয়াল করেন। তার মানে পরিষ্কার যে আমরা স্পিন অত ভালো খেলি না।'

তিনি বলেন, 'টপ ক্লাস স্পিন লাইক সাকিব খেললে তো...রাজ্জাক যখন খেলেছে, মোশরাফ রুবেল মারা গেল ওরও কিন্তু অলমোস্ট ৪০০ উইকেট প্রথম শ্রেণিতে। আপনি যদি খেয়াল করেন আমরা কোনো সময়ই পারিনি।  তারা তো প্রায় ২০ বছর ধরে ক্রিকেটটা খেলে আসছে। তার মানে আমরা কোনো সময় স্পিনটা ভালো খেলিনি।'

তবে উইকেটে স্পিন ধরলে বাংলাদেশের স্পিনাররাও ম্যাচ জেতাতে পারবে বলে আশাবাদী তিনি। নড়াইল এক্সপ্রেস বলেন, 'আন্তর্জাতিক পর্যায়ে তো আরও অভিজ্ঞ বোলার। তাদের বৈচিত্র্য আছে, টার্ন আছে। এর আগে মুরালিধরন ছিল। তাদের অনেক বৈচিত্র আছে। তাই চ্যালেঞ্জটা স্পিনে সবসময় থাকে।'

তিনি আরো যোগ করেন, 'আমাদের স্পিনাররাও ভালো এই উইকেটে। যদি জেতা টেস্ট ম্যাচগুলো দেখেন, আমরা বোলিং ভালো করেই জিতেছি। ব্যাটিং ২৫০-২২০ করলেও ওরা ঐ রানটা করতে পারেনি। আবার আমরা ১৫০-২০০ করে ওদের স্পিনে আটকে দিয়েছি। তাই উইকেট যদি স্পিন হয় আমাদের স্পিনাররাও ম্যাচ জেতাতে পারে।'

আরও পড়ুন

×