বাংলাদেশকে হারিয়ে এপ্রিলের সেরা মহারাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২২ | ০৪:৪৬ | আপডেট: ০৯ মে ২০২২ | ০৪:৪৬
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। স্বদেশি সাইমন হার্মার এবং ওমানের যতীন্দার সিংকে পেছনে ফেলে আইসিসির এ পুরস্কার জিতেছেন তিনি। গত মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের ৪০ উইকেটের ২৯টিই নিয়েছিলেন হার্মার ও মহারাজ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে উইকেট শূন্য ছিলেন মহারাজ। তবে ৩৭ ওভারে খরচ করেছিলেন মাত্র ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে টাইগারদের মাত্র ৫৩ রানে গুটিয়ে দেয়ার পথে একাই নেন ৩২ রানে ৭ উইকেট। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি নিয়েছিলেন ৭টি উইকেট। দুই টেস্ট মিলিয়ে একাই নেন ১৬ উইকেট। এসবের পুরস্কার হিসেবেই আইসিসির 'মাসসেরা' ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মহারাজ।
অন্যদিকে, নারীদের ক্রিকেটে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। গেল মাসে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে ১৭০ রানের ইনিংস খেলেছিলেন হিলি, যা কিনা যেকোন বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রানের ইনিংস। অ্যালিসা হিলি প্রথম নারী ক্রিকেটার যিনি ভিন্ন দুইবার হলেন আইসিসির মাসসেরা ক্রিকেটার।
