লিভারপুল ছাড়তে চাওয়া মানে বললেন, ‘মজা করেছিলাম’
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২২ | ০৭:০৫ | আপডেট: ০৫ জুন ২০২২ | ০৭:০৫
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পরই সাদিও মানের লিভারপুল ছাড়ার গুঞ্জন জোরালো হয়। বায়ার্ন মিউনিখ এবং পিএসজি তাকে কিনতে আগ্রহী বলেও খবর বের হয়। ওই গুঞ্জনে ঘি ঢালেন মানে নিজে।
জাতীয় দলের জার্সিতে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন যে, সেনেগালের ৭০-৮০ শতাংশ ভক্ত চান তিনি গ্রীষ্মে দলবদল করুক। ভক্তরা যেটা চান সেটাই তিনি করবেন বলেও উল্লেখ করেন।
লিভারপুলের সঙ্গে আরও এক মৌসুম চুক্তি থাকা মানে রোববার বলেছেন, তিনি আসলে মজা করেছিলেন। লিভারপুলের সঙ্গে তার চুক্তি আছে এবং তিনি অল রেডসদের সম্মান করেন।
মানে বলেছেন, ‘আমার দলবদল নিয়ে কৌতুহল থাকায় গতকাল একটু মজা করেছিলাম। মাঝে মধ্যে একটু আধটু মজা অবশ্য চলেই। তবে এখন আমাদের থামা উচিত। লিভারপুল এমন একটা ক্লাব যেটাকে আমি খুবই সম্মান করি। প্রথম দিন থেকেই ভক্তরা আমাকে আপন করে নিয়েছে। সামনে কী ঘটে সময় আসলে দেখা যাবে।’
সাদিও মানেকে দলে নিতে আগ্রহী বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ওদিকে তার নাকি খেলার ইচ্ছে রিয়াল মাদ্রিদ নয়তো বার্সেলোনায়। কোথায় খেলবেন আগামী মৌসুমে এমন প্রশ্নে মানে বলেছেন, অন্য কোন ক্লাবও হতে পারে। যেমন ফ্রান্সে পিএসজির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মার্সেই। ক্লাবটি নাকি তার খুবই প্রিয়। এটাও হয়তো মজা করেই বলেছেন সেনেগাল স্ট্রাইকার।
- বিষয় :
- সাদিও মানে
- লিভারপুল
- সেনেগাল
- ফুটবল দলবদল-২০২২
