আবার হোল্ডারদের কোচ ফিল সিমন্স
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০২:৩৩
তিন বছর আগে বিতর্কিতভাবে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয় ফিল সিমন্সকে। আবার তিনি জেসন হোল্ডারদের প্রধান কোচ হয়ে ফিরলেন। চার বছরের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তার চুক্তি হয়েছে। ক্যারিবিয়দের কোচ হওয়ার দৌঁড়ে সিমন্সের সঙ্গে ছিলেন ফ্লোয়েড রেইফার ও দেসমন্ড হেইন্স।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ জেতান ফিল সিমন্স। ছয় মাস পরেই বোর্ডের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়। তার কৌশর এবং কোচিং করানোর পদ্ধতি বোর্ডের পছন্দ হয়নি বলে জানানো হয়। এরপর সিমন্স আফগানিস্তান জাতীয় দলের দায়িত্ব নেন। বিশ্ব ক্রিকেটে আফগানদের প্রতিষ্ঠিত করে তোলেন তিনি। টি-২০ র্যাংকিংয়ে সেরা আটে রেখে সরাসরি ২০২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে আফগানরা।
তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাছাইপর্বের ফাইনালে জিতে ২০১৯ বিশ্বকাপে অংশ নেয় আফগানিস্তান। সর্বশেষ সিমন্সের অধীনে ক্যারিবিয় প্রিমিয়ার লিগে (সিপিএল) বারবাডোজ ট্রাইডেন্স রোববার শিরোপা জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার আয়ারল্যান্ড জাতীয় দলেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে স্টিভ রোডসকে কোচ নিয়োগ দেওয়ার আগে সিমন্স বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেন, 'সিমন্সকে নতুন করে দায়িত্ব দিয়ে শুধু অতীতের ভুল শুধরানো হলো না বরং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের জন্য একজন যোগ্য কোচকেও বেছে নেওয়া হলো। তবে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা ফ্লোয়েড রেইফারকেও আমি দলের সঙ্গে কঠোর পরিশ্রম করার জন্য ধন্যবাদ দিতে চাই।'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- ওয়েস্ট ইন্ডিজ
- ফিল সিমন্স
- হেড কোচ
