ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাংলার ফুটবল উচ্ছ্বাসে মুগ্ধ ভারতীয় কোচ

বাংলার ফুটবল উচ্ছ্বাসে মুগ্ধ ভারতীয় কোচ
×

ছবি: বাফুফে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৪:৩০

ভারতের ফুটবল ঐতিহ্যের বড় জায়গা জুড়ে আছে কলকাতা। ব্রিটিশদের রাজধানী কলকাতা হওয়ায় ফুটবল জোয়ার এখানেই বেশি হয়। স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশের ফুটবলারদেরও কলকাতায় আনাগোনা ছিল অহরহ। মঙ্গলবার কলকাতায় ৩৪ বছর পর ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত। তবে ভারত নয় ম্যাচটি যেন দুই বাংলার হয়ে উঠেছে। ওপার বাংলায় তাই চলছে ফুটবল উচ্ছ্বাস।

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমিকের চোখ এড়ায়নি সেটা। তিনি কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলে অ্যাখ্যায়িত করেছেন। সেই মক্কায় তার শিষ্যরা মাঠে নামবে ভাবতেই তাকে উচ্ছ্বাস ছুঁয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি, 'আমি আনন্দের এই শহরে আসতে পেরে খুবই উচ্ছ্বসিত। এটা ভারতীয় ফুটবলের মক্কা। এখানে খেলবে ভেবে দলের সবাই খুবই আনন্দিত। ফুটবল নিয়ে এখানে আলাদা একটা আবেগ আছে।'

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে বড় করে দেখছেন ক্রোয়েশিয়ান এই ভারতীয় কোচ। তাদের লক্ষ্য জয়। আগের দুই ম্যাচে তার দল ফেবারিট ছিল না। কিন্তু এই ম্যাচে ফেবারিট ভারত। তবে এই তকমা ম্যাচ জেতাবে না। বাংলাদেশকে তিনি ছোট করে দেখছেন না বলেও উল্লেখ করেন। জানান, কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা তিনি দেখেছেন। তার চোখে লেগে আছে লাল-সবুজের প্রতিনিধিদের তোলা দারুণ কিছু আক্রমণ।

ইগর স্টিমিক বলেন, 'আমি চাই না, দলের কেউ বাংলাদেশকে ছোট করে দেখুক। এটা ভালো দেখায় না। কাউকে খাটো করে দেখলে তার ফল ভালো হয় না। কাতারের বিপক্ষে বাংলাদেশ খুবই ভালো খেলেছে। অনেকগুলো সুযোগ তৈরি করে। এই ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের ফুটবলার এবং ভক্তদের বাড়তি আবেগ আছে, স্বপ্ন আছে, আছে প্রত্যাশা। তারা এখানে ম্যাচটা হারতে আসেনি।'

শক্তি কিংবা র‌্যাংকিংয়ের বিচারে কোন দল ফেবারিট হলে তাতে কিছু যায় আসে না বলে মনে করেন ভারতের কোচ। তার মতে, ভারতের বিপক্ষে ম্যাচে পরিষ্কার ফেবারিট ছিল কাতার। কিন্তু কাতারকে ঠিকই ভারত আটকে দিয়েছে। দিন শেষে ম্যাচটা এগারোজনের বিপক্ষ এগারোর। ফেবারিট এবং আন্ডারডগ দুটি শব্দ মাত্র। ফেবারিটরাই ম্যাচ জিতবে এমন কোন নিশ্চয়তা নেই।'

আরও পড়ুন

×