ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ক্রিকেটারদের মাঠের বাইরেও পেশাদার হতে বললেন সুজন

ক্রিকেটারদের মাঠের বাইরেও পেশাদার হতে বললেন সুজন
×

খালেদ মাহমুদ সুজন। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ০৮:১৫ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ০৮:১৫

বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ক্রিকেটারদের আরও পেশাদার হওয়ার আহ্বান করেছেন। কথা বলায়, সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় কিংবা মাঠের বাইরের কাজে-কর্মে সতর্ক হতে বলেছেন তিনি। 

সোমবার জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গেট টুগেদার করে বিসিবি। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনসহ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। ওই গেট টুগেদারে ক্রিকেটারদের পেশাদারিত্বের জায়গা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। 

সুজন বলেন, ‘মানুষ ভুল থেকে শেখে। আমি আশা করবো, জাতীয় দলের প্রত্যেকটা খেলোয়াড় নিজ নিজ জায়গা থেকে আরও দায়িত্বশীল হবে। মাঠের বাইরেও খেলা আছে, যা সাবধানে খেলতে হবে। আমরা মাঠের বাইরের শৃঙ্খলা বজায় রাখার প্রতিজ্ঞা করতে পারি।’ 

জিম্বাবুয়ে সফরের টি-২০ দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমকে। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ দুটি পোস্ট দেন মুশফিক। যার একটি ছিল, ‘আসসালামু ওয়ালাইকুম। মজার বিষয় হচ্ছে, সকলে যখন ঘুমাচ্ছে আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।’ অন্য স্ট্যাটাস ছিল- অনুশীলনের পর ঘুমের ভান করে তার বিশ্রামের ছবি দেওয়া। 

বিষয়টি নিয়ে সুজনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দল থেকে বাদ পড়লে আপনার মন খারাপ হবে। সেজন্য মানসিক চাপ সামলানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমি চাকরির খবর বাসায় জানায় না। বউয়ের সঙ্গে ঝড়গা হলে চাকরিতে বলি না। যেই দিচ্ছে (স্ট্যাটাস), যারাই দিচ্ছে এটা স্বাস্থ্যকর না।’ 

জিম্বাবুয়ে সিরিজে তরুণ টি-২০ দলের প্রতি প্রত্যাশা নিয়েও কথা বলেন সুজন। জানান যে, মুশফিক-রিয়াদকে বাদ দেওয়া হয়নি। বরং তরুণদের দেখার সুযোগ নিচ্ছেন তারা। তবে জিম্বাবুয়ে সফর দিয়েই টি-২০ দলে রদবদলের ইঙ্গিত দেন তিনি। বাংলাদেশ দল আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ে সফরে প্রথম টি-২০ খেলবে।

আরও পড়ুন

×