ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্রিকেট আছে, নেই বাংলাদেশ

ক্রিকেট আছে, নেই বাংলাদেশ
×

মিরপুরে ফিটনেস ট্রেনিং চলছে জাহানারাদের। অথচ তাঁরা এখন থাকতেই পারতেন বার্মিংহাম কমনওয়েলথ গেমসে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২২ | ০০:৪৫

শেষবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ক্রিকেট দেখেছিল কমনওয়েলথ গেমস। তারপর দীর্ঘবিরতি। সেবার ওয়ানডে ফরম্যাটের ওই গেমসে স্বর্ণ জিতেছিল শন পোলকদের দক্ষিণ আফ্রিকা। আকরাম খান-মোহাম্মদ রফিকদের বাংলাদেশের উপস্থিতিও ছিল সেখানে। যদিও তিন ম্যাচের কোনোটিতেই জয় না পেয়ে 'সি' গ্রুপের শেষের অবস্থানটি ছিল বাংলাদেশের। তারপরও তো ক্রিকেটের সঙ্গে লাল-সবুজের রং ছিল।

এবার যখন চব্বিশ বছর পর ফের কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, তখন বাংলাদেশ কেবলই দর্শক। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা- এ অঞ্চলের প্রতিটি দেশই তাতে অংশ নিচ্ছে। অথচ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও মর্যাদাপূর্ণ এই আসরে নেই বাংলাদেশের মেয়েরা। টি২০ ফরম্যাটে এবার নারী ক্রিকেট থাকছে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। আইসিসি অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই প্রথম ধাপ হিসেবে ধরা হচ্ছে এবারের কমনওয়েলথ গেমস।

কমনওয়েলথের অন্তর্ভুক্ত প্রায় ৭২টি দেশের পাঁচ হাজারের মতো ক্রীড়াবিদ এই মেগা আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে। ২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হতে যাওয়া এই গেমসে বাংলাদেশও বেশ কিছু ইভেন্টে অংশগ্রহণ করছে। কিন্তু যে দুটিতে পদকের সম্ভাবনা ছিল, সেই শুটিং এবারের আসরে নেই। আর নারী ক্রিকেট থাকলেও সেখানে নেই বাংলাদেশ।

সুযোগ ছিল তাতে যোগ্যতা অর্জনের। গত ১৮ থেকে ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় যোগ্যতা অর্জনের টুর্নামেন্টে কেনিয়া, স্কটল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা আর বাংলাদেশ অংশগ্রহণ করেছিল। কিন্তু ওই আসরে ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে যান বাংলাদেশের মেয়েরা। আর তাতেই স্বপ্ন ভঙ্গ হয় সালমাদের।

গেমসে অংশগ্রহণের নিয়মটি আইসিসিই বেঁধে দিয়েছিল। কথা ছিল, ২০২১ সালের ১ এপ্রিলের মধ্যে র‌্যাঙ্কিংয়ের প্রথম ছয়টি দল সরাসরি গেমসের টিকিট পাবে। আর স্বাগতিক ইংল্যান্ড তো থাকবেই। এর বাইরে ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল থেকে যে কোনো একটি দেশ অংশ নিতে পারবে আর বাছাই পর্ব থেকে একটি দল আসবে।

সেই হিসাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তান র‌্যাঙ্কিংয়ের কারণেই সরাসরি খেলারসুযোগ পাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল থেকে সেখানকার নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় বার্বাডোজ টিকিট পেয়েছে। আর বাংলাদেশকে বাছাই পর্বে হারিয়ে শ্রীলঙ্কাও থাকছে বার্মিংহাম গেমসে। ২৯ জুলাই বার্মিংহামে এজবাস্টনে অস্ট্রেলিয়া আর ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেট পদকের লড়াই।

আরও পড়ুন

×