নেপালের কোচের দায়িত্বে মনোজ প্রভাকর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২২ | ০১:৩৩ | আপডেট: ০৯ আগস্ট ২০২২ | ০১:৩৭
ভারতের সাবেক ক্রিকেটার মনোজ প্রভাকরকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল ক্রিকেট বোর্ড। গত জুলাই মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে কানাডায় একই দায়িত্ব নিয়ে নেপালের কোচের চাকরি ছেড়ে দিয়েছেন পুবুদু দাসানায়েক। ভারতের হয়ে ১৯৮৪ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রায় ১২ বছরের ক্যারিয়ারে ৩৯ টেস্ট ও ১৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মনোজ প্রভাকর।
নেপালের দায়িত্ব নেওয়ার পর ৫৯ বছর বয়সী প্রভাকর এক বিবৃতিতে বলেছেন, 'নেপালে ক্রিকেট নিয়ে আগ্রহ, তাদের মেধা ও স্কিল দেখার পর ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। আশা করি, তাদের শক্তিশালী একটি দল হিসেবে গড়ে তুলতে পারব।'
এর আগে ২০১৬ সালে আফগানিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মনোজের। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ভারতের ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে কোচিং করিয়েছেন তিনি।
রঞ্জি ট্রফিতে কোচ হিসেবে বেশ আলোচিত মনোজ। ২০১১-১২ মৌসুম শুরুর মাত্র দুদিন আগে খেলোয়াড় ও নির্বাচকদের সমালোচনা করে চাকরি হারাতে হয় তাকে। পরে ২০১৬ সালে উত্তর প্রদেশের দায়িত্ব নেন। এছাড়া দিল্লি ও রাজস্থানকেও এর আগে কোচিং করিয়েছেন তিনি।
কোচ প্রভাকরের মতো ক্রিকেটার প্রভাকরের সঙ্গেও জড়িয়ে আছে বিতর্ক। ২০০০ সালের দিকে যখন ম্যাচ গড়াপেটার কাণ্ডে টালমাটাল ভারত ও বিশ্ব ক্রিকেট, তখন কপিল দেবের মতো ক্রিকেটারের নামেও ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলেন তিনি। পরে অবশ্য ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নিজেই নিষিদ্ধ হন।
কঠিন সময়ে নেপাল দলের দায়িত্ব নিয়েছেন মনোজ। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-টুতেও তাদের স্থান শেষ থেকে দ্বিতীয়। ২০টি ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে জিতেছে তারা। ফলে স্বাভাবিক ভাবেই কঠিন হতে চলেছে নেপালের কোচ হিসেবে প্রভাকরের পথ চলা।
