ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আফ্রিকার ইতিহাস বদলাতে চায় সেনেগাল

আফ্রিকার ইতিহাস বদলাতে চায় সেনেগাল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ১২:০০

আফ্রিকা থেকে খুব একটা আলোচিত গল্প নেই। মাঝে মধ্যে কোনো বছর কেউ এসে কিছুটা চমক দেখিয়ে আবার নাই হয়ে যায়! তাদের কাছে বিশ্বকাপে অংশ নেওয়াটাই অনেক বড় প্রাপ্তি। তবে সম্প্রতি ফর্মের তুঙ্গে থাকা সেনেগালকে নিয়ে আফ্রিকানরা নতুন করে স্বপ্ন বুনতেই পারে। দলটির খেলোয়াড়রাও এবার ভীষণ আত্মবিশ্বাসী। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যেমন আভাস দিয়েছেন সেনেগালের ডিফেন্ডার আবদু দিয়ালো। তাঁর বিশ্বাস, এ দলটি তার স্বাভাবিক খেলা উপহার দিতে পারলেই অতীতটা বদলানো যাবে। আফ্রিকা থেকে এখন পর্যন্ত কোনো দেশ সেমিফাইনালে উঠতে পারেনি। তাই এবার দিয়ালোর আশা, তারাই পারবে সেই চূড়ায় পা রাখতে।

এখন পর্যন্ত বিশ্বমঞ্চে আফ্রিকা থেকে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল খেলেছে ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২), ঘানা (২০১০)। সেনেগাল চায় ২০০২ সালের স্মৃতি মাথায় রেখে আরেকটা ধাপ এগিয়ে যেতে। ক'দিন আগে তারা আফ্রিকান কাপ অব নেশন্সে দারুণ করেছিল। প্রথমবারের মতো তারা এই প্রতিযোগিতার ফাইনাল থেকে শিরোপা জিতে নেয়। যেটা তাদের বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। দিয়ালো বলেন, 'যদিও আমরা ভবিষ্যৎ দেখতে পাই না। তবে আপনি যদি কোনো কিছু করার জন্য উদ্‌গ্রিব থাকেন তাহলে সেটা অর্জন করাও সহজ হয়ে যায়। একটা বাধা দূর করে এবার নেশন্স কাপে আমরা সফলতা পেয়েছি। আশা করি বিশ্বকাপেও পারব। যদি স্বপ্নটা সত্যি হয় তাহলে নিশ্চয়ই সবাই আনন্দিত হবে। ২০০২ সালটা আমাদের প্রেরণা দেবে। ২০ বছর আগের প্রজন্মটা আমাদের পথ দেখাবে। যদি আমরা বিশ্বকাপে তেমন কিছু করতে পারি, সেটা হবে খুবই রোমাঞ্চকর।'

২০ নভেম্বর থেকে শুরু কাতার বিশ্বকাপ। এবার সেনেগাল গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক কাতার, ইকুয়েডর ও নেদারল্যান্ডসকে। ডাচরা ছাড়া বাকিদের চেয়ে সেনেগাল থাকবে এগিয়ে। সেক্ষেত্রে গ্রুপ পর্বের বাধা পেরোনো তাদের জন্য কঠিন হওয়ার কথাও নয়। তা ছাড়া দলেও দারুণ কয়েকজন খেলোয়াড় রয়েছে। গোলপোস্টের নিচে এই সময়ের অন্যতম সেরা কিপার এডওয়ার্ড মেন্ডি। ডিফেন্স লাইনে চেলসিতে খেলা কুলিবালি। মিডফিল্ডে বেশ পরিশ্রমী খেলোয়াড় ইদ্রিসা গায়ে, আক্রমণভাগে সাদিও মানের মতো চমৎকার একজন। এই দলকে নিয়ে ভালো কিছুর আশা করতেই পারেন দিয়ালো। খোদ সেনেগাল কোচ আলিউ সিসেও আশাবাদী।

আরও পড়ুন

×