সুজন বললেন ওদের বিশ্বমানের বোলারই নেই, জয়াবর্ধনে বললেন দেখিয়ে দাও
খালেদ মাহমুদ সুজন। ছবি: ভিডিও থেকে নেওয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০১:২৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০১:২৮
এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাঁচা-মরার লড়াইয়ের আগে নতুন করে দুই পক্ষের কথার লড়াই জমে উঠেছে। টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মন্তব্য করেছেন, শ্রীলঙ্কা দলে কোন বিশ্বমানের বোলার নেই। লঙ্কান দলের সাপোর্ট স্টাফ মাহেলা জয়বর্ধানে বলেছেন, ব্যাটে-বলে দেখিয়ে দাও।
ঘটনার যোগসূত্র বোঝাতে যেতে হবে একটু পিছনে। আফগানিস্তানের বিপক্ষে হারের পর লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা বাংলাদেশ দল নিয়ে কড়া মন্তব্য করেছিলেন। বলেছিলেন যে, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। আফগানদের বিশ্বমানের বোলার আছে। কিন্তু বাংলাদেশ দলে সাকিব ও মুস্তাফিজ ছাড়া বিশ্বমানের বোলার নেই।
ওই কথার পাল্টা দিয়েছিলেন বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ। তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, কারা কেমন দল মাঠে দেখা যাবে। লড়াই হবে মাঠে। তারা কথা নয় কাজে বিশ্বাসী। মিরাজ জানিয়েছিলেন, বাংলাদেশ দল যদি মাঠে ভালো ক্রিকেট খেলে তাহলে সকলেই বুঝতে পারবে কারা ভালো দল।

আফগানিস্তান ম্যাচেই বাংলাদেশ দলের সামনে লঙ্কানদের কটাক্ষের জবাব দেওয়ার সুযোগ ছিল। আফগানদের বিপক্ষে জয় পেলে লঙ্কানদের এক প্রকার বিদায় লেখা হয়ে যেত। কিন্তু বাংলাদেশ দল শ্রীলঙ্কার চেয়ে ভালো ক্রিকেট খেলেও আফগানদের বিপক্ষে জিততে পারেনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
ওই মহারণের আগে সংবাদ সম্মেলনে আসেন টিম ডিরেক্টর সুজন। তাকে প্রশ্ন করা শানাকার মন্তব্য কীভাবে দেখছেন। জবাবে সুজন বলেন, ‘বাংলাদেশ দলে তাও দু’জন বিশ্বমানের বোলার আছেন। আমাদের সাকিব ও মুস্তাফিজ আছে। শ্রীলঙ্কা দলে তো বিশ্বমানের কোন বোলারই নেই।’ তার ওই মন্তব্য বেশ সাড়া ফেলেছে।
টুইটারে সুজনের মন্তব্যের ভিডিও শেয়ার দিয়েছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। সুজনের ওই মন্তব্যের পাল্টা দিয়ে টুইট করেছেন, ‘মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের তারা কে সেটা প্রমাণের সময় এসে গেছে। ব্যাটারদেরও মাঠে দেখাতে হবে তারা কারা।’ কথার লড়াইয়ে এখন পর্যন্ত দু’দলই সমানে সমান। মাঠের খেলায় জয় তুলে নিয়ে কারা এশিয়া কাপের সুপার ফোরে যাবে সেটাই এখন দেখার অপেক্ষা।