স্ত্রীকে নির্যাতনের বিষয়টি অস্বীকার ক্রিকেটার আল আমিনের
ক্রিকেটার আল আমিন। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৩
বাংলাদেশের ডানহাতি পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনেছেন তার স্ত্রী ইসরাত জাহান। তবে ক্রিকেটার আল আমিন বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি এটাকে স্বামী-স্ত্রীর মনোমালিন্য বলে দাবি করেছেন। আল আমিন জানিয়েছেন, মারধর করার প্রশ্নই ওঠে না। একসঙ্গে থাকলে কতো কিছু নিয়ে মনোমালিন্য হয়। স্ত্রী তার নামে ফ্ল্যাট লিখে দিতে বলেছিল। রাজী না হওয়ায় রাগারাগি হয়েছে। থানায় যাওয়ার মতো কিছু হয়নি।
মিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ২০ লাখ টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের লিখিত অভিযোগ করেছেন। অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কথাও অভিযোগে উল্লেখ করেছেন।
তবে পুলিশ অভিযোগ গ্রহণ করলেও মামলা নেয়নি। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে। আল আমিন বলেছেন, আমার ধারণা, প্রতিবেশি নারীরা তাকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছে। তদন্ত কর্মকর্তা এলেই সব প্রমাণ হবে। দেখবেন, ও (স্ত্রী) নিজেই বলবে সব ঠিক আছে।
