ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি রোহিতের
ছবি: ইন্ডিয়া টুডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০২:৫৬ | আপডেট: ০২ অক্টোবর ২০১৯ | ০৪:৪৭
ক্যারিয়ারে রোহিত শর্মা ওয়ানডে খেলেছেন দুইশ' ছাড়ানো। টি-২০ ক্রিকেটে একশ' ম্যাচ খেলার অপেক্ষায় আছেন তিনি। ওয়ানডে এবং টি-২০ দুই ফরম্যাটেই মিডল অর্ডার ব্যাটসম্যান থেকে ওপেনার বনে গেছেন। নিজেকে নিয়ে গিছেন বর্তমান সময়ের বিধ্বংসী এবং অন্যতম সেরা ওপেনারের কাতারে। তার ওয়ানডে, টি-২০ র্যাংকিংও তাই বলে। কিন্তু ক্যারিয়ারে টেস্ট খেলছেন মাত্র ২৮টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে ২৮তম টেস্টে প্রথম ওপেন করতে নামেন তিনি। প্রথম পরীক্ষাই তুলে নিয়েছেন সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ভারত। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে টেস্টে প্রথমবার ওপেন করতে নামেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা কেএল রাহুল, শেখর ধাওয়ানদের দলে রাখেননি। তরুণ ব্যাটসম্যান শুভমন গিল থাকলেও দলে জায়গা পাননি তিনি। এছাড়া দল ঘোষণার সময় জানিয়ে দেওয়া হয় টেস্টে রোহিত ওপেন করবেন।
সেই পরীক্ষা দিতে নেমে দুর্দান্ত শুরু করেন রোহিত। প্রথম দিনের দ্বিতীয় সেশনের চা বিরতি পর্যন্ত ভারত কোন উইকেট না হারিয়ে ২০২ রান তুলে ফেলে। এরপর বৃষ্টি নামলে প্রথম দিন আর খেলা হয়নি। রোহিত শর্মা ১১৫ রানে দ্বিতীয় দিন শুরু করবেন। দারুণ ইনিংস খেলার পথে ১২টি চার এবং পাঁচটি ছক্কা তুলেছেন তিনি। তার সঙ্গে ব্যাট করা মায়াঙ্ক আগারওয়ালও সেঞ্চুরির পথে আছেন। তিনি করেছেন ৮৪ রান।
টেস্ট ক্যারিয়ারে এটি রোহিতের চতুর্থ সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ১৭৭ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়া ক্যারিয়ারে দশটি হাফ সেঞ্চুরি আছে তার। রোহিতের ২০০৭ সালে ভারতের হয়ে ওয়ানডে এবং টি-২০ অভিষেক হয়। এর ছয় বছর বাদে ২০১৩ সালে টেস্ট অভিষেক হয় রোহিত শর্মার। কিন্তু টেস্টে মিডল অর্ডারে দারুণ কিছু ইনিংস খেলেলেও নিয়মিত হতে পারেননি তিনি।
