ভিসা হয়নি মিঠুনদের, পিছিয়ে যেতে পারে ভারতযাত্রা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৮ অক্টোবর ২০২২ | ০১:২৯
ভারত সফরের জন্য বিসিবি একাদশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ৫ অক্টোবর। তামিলনাড়ূ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে। বিসিবি একাদশের অফিসিয়াল সংবাদ সম্মেলনও রয়েছে আজ। চেন্নাই যাওয়ার জন্য ক্রিকেটাররা লাগেজ গোছালেও তাঁরা জানেন না কাল যেতে পারবেন কিনা। বিসিবির থেকে সব ঠিক থাকলেও ক্রিকেটারদের ভিসা হয়নি গতকাল পর্যন্ত। ঢাকার ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা আজ বিশেষ ব্যবস্থায় ভিসা না দিলে মিঠুনদের যাত্রা পিছিয়ে দিতে হবে।
৯ অক্টোবর চেন্নাই যাওয়ার টিকিট কাটা হয়েছে। ১০ ও ১১ অক্টোবর অনুশীলন রাখা হয়েছে সূচি অনুযায়ী। ভিসা পেতে দু'দিন দেরি হলে খেলার সূচি পরিবর্তন করতে হতে পারে। তামিলনাড়ূ ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য যেটা কঠিন হতে পারে। ১২ থেকে ১৫ অক্টোবর প্রথম চার দিনের ম্যাচ মিঠুনদের। ১৯ থেকে ২২ অক্টোবর হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।
মুমিনুল হক, সাদমান ইসলামরা লাল বলের খেলা শেষ করে দেশে ফিরে জাতীয় লিগের দলে যোগ দেবেন। মিঠুন ৩১ অক্টোবর পর্যন্ত চেন্নাই থেকে যাবেন ওয়ানডে সিরিজ খেলতে। তবে সব কিছু নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর।
এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পূজার ছুটির কারণে হাইকমিশনে কাজ হয়নি। ওরা যোগাযোগ করে প্রক্রিয়া এগিয়ে রেখেছে। আমাদের দিক থেকেও চেষ্টা করা হচ্ছে দ্রুত ভিসা পাওয়ার ব্যাপারে। সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সেক্ষেত্রে সিরিজটি এক-দুই দিন পিছিয়ে যেতে পারে।
