বিশ্বকাপে এমসিজিতে অজিদের বিপক্ষে শততম ম্যাচ মিস, খুবই হতাশ বাটলার
ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ০৫:১২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০৫:১২
বিশ্বকাপের মঞ্চ। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ভরা লাখ খানেক দর্শকে। যেটা আবার টি-২০ ক্যারিয়ারের শততম ম্যাচ। এমন মুহূর্তকে ক্যারিয়ারের অন্যতম সেরা বলতেই হবে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার স্বপ্ন দেখার মতো ওই মুহূর্তের সামনে ছিলেন। কিন্তু বৃষ্টিতে রঙ লাগা তার ওই মুহূর্ত ধুয়ে গেছে। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার আগুনে উত্তাপ ছড়ানো ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। হতাশা ব্যক্ত না করে তাই পারলেন না তিনি।
বাটলার বলেন, ‘অসাধারণ এক মুহূর্তের সামনে ছিলাম, ভরা গ্যালারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। ক্যারিয়ারের সেরা ম্যাচই হওয়ার কথা, খেলতে না পেরে খুবই হতাশ। শততম ম্যাচ খেলার জন্য এটা অসাধারণ একটা জায়গা। টুর্নামেন্টে আমাদের আশা বাঁচিয়ে রাখতে মনোযোগ এখন পরবর্তী ম্যাচে।’
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ম্যাচ হেরেছে ইংল্যান্ড। অজিদের বিপক্ষে ভেসে গেল এক ম্যাচ। দুই ফল নিয়েই হতাশ বাটলার, ‘আগের রাতে (আয়ারল্যান্ড) ম্যাচের সবকিছুই আমাদের পক্ষে ছিল। আমাদের দল ম্যাচ উইনারে ভরা। রাতারাতি তো আর খারাপ দল হয়ে যায়নি। এই ম্যাচটা খুব করে খেলতে চেয়েছিলাম। টুর্নামেন্টের বাকি অংশে মনোযোগ রাখছি।’
মেলবোর্নে প্রায় দেড় ঘণ্টা বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টি থামার পরে মাঠ পরিচর্যার কাজ চলছিল। খেলা হবে কিনা সংশয় ছিল। দুই অধিনায়কের সঙ্গে আম্পায়াররা কথা বলছিলেন। এর মধ্যে পুনরায় হালকা বৃষ্টি আসায় ম্যাচ পরিত্যক্ত করে দেওয়া হয়। কারণ মাঠের আউটফিল্ড ছিল বেশ ভেজা। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের মতে, খেলোয়াড়রা ভয়াবহ ইনজুরি থেকে বাঁচানোর কথাও তো ভাবতে হবে।
