'সেভেন আপ' এর কথা এখনো ভুলতে পারেননি নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ | ০৮:৪৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ | ০৮:৪৮
হেক্সা জয়ের বড় স্বপ্ন নিয়ে ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। তবে সেই স্বপ্ন ধূলিসাৎ করে স্বাগতিকরা আটকে গেল সেমিতেই। সেবার সেমিফাইনালে জার্মানি গুণে গুণে ৭ বার বল ঢুকিয়েছিল ব্রাজিলের জালে। যা ফুটবল সমর্থকদের কাছে 'সেভেন আপ' নামে পরিচিত।
ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল, কিন্তু ব্রাজিলিয়ানরাও জানেন এই ইতিহাস আর পাল্টানো যাবে না। যতবার বিশ্বকাপ দরজায় কড়া নাড়বে ততোবার ঘুরে ফিরে আসবে ওই গল্প। সেই দিনের হারার যন্ত্রণাময় মুহূর্ত নিশ্চয়ই এখনও বেশ মনে লেগে আছে বহু সেলেসাও সমর্থকের হৃদয়ে। ব্রাজিলের প্রাণভোমরা নেইমারও ভুলতে পারেননি জার্মানির দেওয়া সেই ক্ষত।
এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, 'আমি বলবো না সেটা (ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হার) আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহুর্ত। তবে এটি অবশ্যই সবচেয়ে কঠিন মুহুর্তগুলির মধ্যে একটি ছিল। আমার প্রথম বিশ্বকাপ, আমার নিজের দেশে, তাই আমি খুব জিততে চেয়েছিলাম।'
আগামী বছর ফেব্রুয়ারিতে নেইমারের বয়স হবে ৩১ বছর। তার আগেই এই মাসে কাতার বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। তার বিশ্বাস, কাতার বিশ্বকাপ জয় করেই ব্রাজিল কাটাবে তাদের ২০ বছরের খরা।
নেইমার বলেন, ছোটবেলা থেকেই বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন ছিল। সেই লক্ষ্যে কাতারে আমি আরেকটি সুযোগ পেয়েছি। স্বপ্ন দেখি, আমি আরাধ্য সেই ট্রফিটি ধরে আছি। আশা করি, শেষ হাসি আমিই হাসবো।'
কাতারে এবার যেই সময়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এই সময় শুধু বিভিন্ন দেশের ক্লাবরা লিগে খেলার জন্যই ব্যস্ত থাকে না, খেলা পড়ে চ্যাম্পিয়ন্স লিগেরও। নেইমারের বিশ্বাস, এই সময়ে বিশ্বকাপ হওয়ায়, ফুটবলাররা থাকবে টপ ফর্মে। এতে প্রতিযোগিতার মান বাড়াতে সাহায্য করবে।
- বিষয় :
- নেইমার
- সেভেন আপ
- ব্রাজিল
- কাতার বিশ্বকাপ-২০২২
