অনিশ্চিত ২৬ অক্টোবরের এল ক্লাসিকো
ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৩:১১
স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে বার্সেলোনার এল ক্লাসিকো আয়োজন সম্ভব না। আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু বার্সেলোনায় দাঙ্গা চলছে। ম্যাচটা তাই পেছানো হতে পারে।
কাতালানদের নয়জন স্বাধীনতাকামী নেতাকে কারাগারে পাঠিয়েছেন স্পেনের সুপ্রিম কোর্ট। নেতাদের মুক্তির দাবি, সমর্থকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে দাঙ্গা মিলিয়ে উত্তাল বার্সেলোনা। ওই আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়েছে বার্সেলোনা। এই অবস্থায় ক্যাম্প ন্যুতে রিয়াল খেলতে আসলে জনরোষে পড়তে হতে পারে তাদের।
এল ক্লাসিকোর তারিখ তাই পেছানোর সম্ভাবনাই প্রবল। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা মনে করছে, ২৬ অক্টোবরের পরিবর্তে আগামী ১৮ ডিসেম্বর হবে এল ক্লাসিকোর প্রথম লেগের সম্ভব্য তারিখ।
এর আগে লা লিগা কতৃপক্ষ রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) অনুরোধ করে ক্যাম্প ন্যু থেকে ম্যাচটি সরিয়ে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নিতে। তাতে করে লা লিগার দ্বিতীয় লেগের ম্যাচটি মার্চে বার্নাব্যুর পরিবর্তে ক্যাম্প ন্যুতে আয়োজন করার প্রস্তাব ছিল। কিন্তু বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ কোন দলই লা লিগা কতৃপক্ষের প্রস্তাবে রাজী নয়। প্রথম লেগের এল ক্লাসিকোর ভাগ্যে তাই বদলি সূচিই লেখা আছে।
শুধু এল ক্লাসিকো নয়, আন্তর্জাতিক বিরতির পর এই সপ্তাহে এইবারের বিপক্ষে ম্যাচ নিয়েও চিন্তায় আছে বার্সা। কাতালুনিয়ানরা বিমান বন্দরে বিক্ষোভ করছে। মেসিরা তাই বিমান যোগে এইবারের মাঠে যেতে না পারলে বিড়ম্বনায় পড়তে হবে তাদের। বার্সেলোনা থেকে এইবার দ্রুতগতির ট্রেন পথে ছয় ঘণ্টার পথ। ওই ম্যাচ খেলে কাতালানদের আবার ছুটতে হবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- লা লিগা
- এল ক্লাসিকো
